২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বাজার দখলের অভিযোগ

জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির নেতাকর্মীরা সাধারণ ব্যবসায়ী ও সংখ্যালঘুদের দোকান পাঠ দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এলাকাবাসী অভিযোগ করেছে, গত রোববার গভীর রাতে বিএনপির নেতাকর্মীরা দোকানীদের মারধর করে ও জোরপূর্বক বাজারের এক একর জমি দখল করে নিয়ে নির্মাণকাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানায়, বিএনপির নেতাকর্মীরা ৩০টি দোকানপাঠ নানা কৌশলে একের পর এক দখল করে নিচ্ছে। গত ৪০ বছর ধরে এসব দোকানের বৈধ মালিকানা রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের ভাই হারুন মিয়া বাজারে মার্কেট তৈরির পরিকল্পনা হিসেবে প্রথম দোকান ঘর ভাঙচুর শুরু করে।

দোকান মালিক ও স্কুল শিক্ষক সামসুদ্দিন মাস্টারসহ কিছু ব্যবসায়ী এ ব্যাপারে আদালতের আশ্রয় নিলে আদালত বাজারে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

সামসুদ্দিন মাস্টার অভিযোগ করেছেন, আদালতে মামলা দায়েরের পর তাদের বিভিন্নভাবে হয়রানিসহ মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। রোববার রাতে সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের ভাগ্নে ফিরোজ কাজি, বিএনপির ইউপি সম্পাদক বশির উল্লাহ্ ও যুবদল নেতা শেখ ফরিদের গ্রুপ একত্রে হামলা চালিয়ে বাজারের দোকনপাট ভেঙ্গে ফেলে এবং জায়গা দখল করে নেয়।

সামসুদ্দিন মাস্টার আরও জানান, বিষয়টি সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমকে জানানো হলে তিনি বোরহানউদ্দিন থানার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা দেখার দায়িত্ব দেন।

বোরহান উদ্দিন থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ রঞ্জন চক্রবর্তী এ ব্যাপারে ওই গ্রুপকে ডেকে পাঠালে তারা তার সাথে অশোভন আচরণ করে বলে নির্বাহী কর্মকর্তা অভিযোগ করেছেন।