২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর মালিকানাধীন লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে

বিআইডব্লিউটিএ‘র নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি ঝড়-ঝঞ্ঝার মৌসুমে বিপদসংকুল এলাকা হিসেবে চিহ্নিত উপকূলীয় ৩টি অভ্যন্তরীন রুটে অবৈধভাবে ৬টি লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চের মধ্যে এক প্রতিমন্ত্রী এবং আরেক বিএনপি নেতার লঞ্চ রয়েছে বলে জানা যায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সূত্র জানায়, ঝড়-ঝঞ্ঝার মৌসুমে প্রতি বছর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এসব লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে মালিকদের নোটিশ দিলেও তা কখনও মানা হয় না।

প্রতি বছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উপকূলীয় বিপদ সঙ্কুুল এলাকাগুলোতে বেসরকারী নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে থাকে সংশ্লিষ্ট দপ্তর। এ সময় যাত্রী পরিবহনের জন্য ওই বিপদ সংকুল রুটে বিআইডব্লিউটিএ‘র সী-ট্রাক চলাচল করে। বরিশালসহ দক্ষিণাঞ্চলীয় উপকূলের জনসাধারণ চট্টগ্রামের সাথে সহজ যোগাযোগের ক্ষেত্রে ভোলা জেলার নৌ রুট ভায়া হিসেবে ব্যবহার করে। এক্ষেত্রে ভোলা-লক্ষ্মীপুর, বোরহানউদ্দিন, মীর্জাকালু, আলেকজান্ডার, দৌলতখান, চর আলেকজান্ডার নৌরুটগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মজু চৌধুরীর হাট, ভোলা-বোরহানউদ্দিন এবং দৌলতখান থেকে লক্ষ্মীপুর কিংবা আলেকজান্ডার পৌঁছতে পাড়ি দিতে হয় ১৮ থেকে ২২ কিলোমিটার উত্তাল মেঘনা। শীত মৌসুমে এই রুট কিছুটা শান্ত থাকলেও বর্ষা মৌসুমে মেঘনা হয়ে ওঠে উত্তাল।

বিআইডব্লিউটিএ‘র একটি সূত্র জানায়, উপকূলীয় ভোলা-লক্ষ্মীপুর রুটে চলছে রহমান এ্যান্ড সন্সের মালিকানাধীন এম.ভি সাগরকন্যা-২। এ লঞ্চের মালিক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান। দৌলতখান-আলেকজান্ডার রুটে অবৈধভাবে চলছে ৪টি ব্যক্তিমালিকানাধীন লঞ্চ। এর মধ্যে স্থানীয় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গোলাম আজম পলিনের মালিকানাধীন ৩টি লঞ্চ রয়েছে। ভবানীপুর ১,২,৩ নামের লঞ্চগুলো প্রতিদিন ওই রুটে চলাচল করছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ‘র বরিশাল অফিসের ব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নোওয়াজ বিডিনিউজকে জানায়, দুর্যোগ মৌসুমে বিপদ সংকুল রুটে দুর্ঘটনা এড়াতে ব্যক্তিমালিকানাধীন লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নোটিশ দেয়া হলেও মালিকরা ঢাকা থেকে অদৃশ্য শক্তির প্রভাবে নিষেধাজ্ঞা অমান্য করে ওই রুটে লঞ্চ চালাচ্ছে। তাছাড়া অধিকাংশ সময় লঞ্চ কর্মচারীরা সী-ট্রাকের যাত্রীদের টেনে হিঁচড়ে তাদের লঞ্চে নিতে বাধ্য করছে। লঞ্চ কর্মকর্তাদের এ ধরনের জোর-জবরদস্তির কারণে লঞ্চগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। এর ফলে অনেক যাত্রীর মর্মান্তিক সলিল সমাধি ঘটছে। দুর্ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও এর ফলাফল ফাইলবন্দিই থাকছে।