২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছর ৯ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত

চলতি বছর লবণ উৎপাদিত হয়েছে ৯ লাখ মেট্রিক টন। গতবারের চেয়ে এবার ৫ হাজার মেট্রিক টন লবণ বেশি উৎপাদিত হয়েছে। আরও দু’এক হাজার লবণ উৎপাদিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মাত্র ৪ দিন আগে শেষ হয়ে গেল চলতি লবণ উৎপাদন মৌসুম। চাষীরা গত ১২ মে লবণ উৎপাদন বন্ধ করে দেয়। ২০০৪-০৫ অর্থ বছরে কক্্রবাজার ও চট্টগ্রামের একটি অংশে ৬৩ হাজার ৬৫২ একর জমিতে লবণ চাষ হয়েছে। এসব জমির মধ্যে ১৫ শতাংশ জমিতে লবণ চাষ হয় পলিথিন পদ্ধতিতে। এবার লবনের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ লাখ ৩৫ হাজার মেট্রিক টন। কিন্তু গত মৌসুমে ৯ লাখ ১৯ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এ তথ্য জানিয়েছে। বিসিকের লবণ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ সালেহ উদ্দিন আহমদ বলেন, গত ১২ মে প্রবল বৃষ্টিপাতের পর লবণ চাষীরা মাঠ থেকে উঠে গেছে। এ দিন কক্সবাজার জেলায় সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তাঁর মতে, এ বছরের লবণ মৌসুম গত ১২ মে শেষ হয়ে গেছে। যদিও সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার কিছু কিছু চাষী এখনও লবণ মাঠ ছাড়েনি। ফলে ওই এলাকা থেকে আরও দু হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হতে পারে।

কক্সবাজারের সদর উপজেলা, রামু, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ী এবং চট্টগ্রামের বাশঁখালী এলাকার কিছু অংশে লবণ চাষ হয়। ২০০৩-০৪ অর্থ বছরে ৬১ হাজার ৫০১ একর জমিতে লবণ চাষ হলেও এবার ৬৩ হাজার ৬ শত ৫২ একর জমিতে চাষ হয়েছে।

বিসিক সূত্রে জানা গেছে, সমগ্র লবণ মাঠের প্রায় ১৫ শতাংশ এলাকায় পলিথিন পদ্ধতিতে লবণ চাষ হয়। যদি পুরো এলাকায় পলিথিন পদ্ধতিতে লবণ চাষ করা যেতো, তবে বর্তমান উৎপাদনের চেয়ে ৩৫ শতাংশ বেশি লবণ উৎপাদন করা সম্ভব হতো।

এদিকে লবণ উৎপাদন সঠিকভাবে এবং সঠিক সময়ে শেষ করতে পারায় এবং ন্যায্যমূল্য পাওয়ায় চাষীদের মুখে হাসি ফুটেছে।