২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না পেয়ে গুলি করে হত্যার অভিযোগে কাফরুল থানার ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ

চাঁদা না পেয়ে গুলি করে হত্যার অভিযোগে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই সাব ইন্সপেক্টরসহ সাত পুলিশের বিরুদ্ধে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগ দায়ের হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

৮ মে আগারগাঁওয়ে পুলিশের গুলিতে নিহত সোহেলের বাবা মো: শামসুল হক তালুকদার শনিবার মামলা দায়ের করার জন্য আবেদন করেন। মহানগর হাকিম এসএম মিজানুর রহমান রোববার বাদীর জবানবন্দি গ্রহন করে এ সম্পর্কে আদেশ দেবেন।

বাদীর আবেদন অনুযায়ী অভিযুক্তরা হচ্ছে ওসি জানে আলম, এসআই মো: ছগির মিয়া, কামাল হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান, মহসিন, রোকনুজ্জামান ও মঞ্জুরুল।

১৭ ই মনিপুরী পাড়ার বাসিন্দা শামসুল হক তালুকদার তার আরজিতে উল্লেখ করেন, গত ৮ মে রাত পৌনে ৯ টায় আগারগাঁও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকায় ডিএমপি পোশাক পরিহিত চার জন সশস্ত্র পুলিশ সোহেলের কাছে টাকা চায়। সোহেল টাকা দিতে অস্বীকার করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, সোহেল সৎভাবে জীবনযাপন করতো এবং তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ, মামলা বা জিডি ছিল না।