২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেদিনীপুরে তসলিমার অনুষ্ঠানে ১৪৪ ধারা

একটি ইসলামি সংগঠনের বিক্ষোভের মুখে পশ্চিমবঙ্গ সরকার মেদিনীপুরে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতা পাঠের অনুষ্ঠান বাতিল করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 04:07 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মেদিনীপুরে শনিবার স্বর ও আবৃত্তি নামে একটি সংগঠনের অনুষ্ঠানে অন্যান্য কবি ও শিল্পীদের সঙ্গে তসলিমারও কবিতা পাঠের কথা ছিল। এ নিয়ে শুক্রবার ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ নামের সংগঠনটি ‘ইসলাম ধর্ম অবমাননাকারী তসলিমার বিরুদ্ধে জেহাদ’র কর্মসূচী হিসেবে শহরে মিছিল এবং সড়ক অবরোধ করে।

এরপরপরই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশংকায় পশ্চিমবঙ্গ সরকার মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় কবিতা পাঠের অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।

এঘটনায় সিপিএম এবং কংগ্রেসের দুই শীর্ষ নেতা দীপক সরকার ও নাজিম আহমেদ জেলা প্রশাসনের সিদ্ধান্তকে সঠিক বলে সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, কবিতা পাঠের অনুষ্ঠান বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ তসলিমা বলেন, “বাংলাদেশের চেয়েও ভয়ংকর অবস্থা পশ্চিমবঙ্গে। একটি মৌলবাদী সংগঠন প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে বাক স্বাধীনতার উপর যে আঘাত হানল তা খুবই উদ্বেগজনক।” তিনি একে মুক্তচিন্তার উপর আক্রমন বলে জানিয়েছেন।

কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তসলিমার এই অভিযোগ অস্বীকার করে বলা হয়, “কোন ধর্মীয় সংগঠনের মিছিল মিটিং যাতে না হয় সেজন্যই ১৪৪ ধারা জারী করা হয়েছে।’