পঞ্চগড়ে নকল সোনার মূর্তি বিক্রিকালে ৬ ব্যক্তি গ্রেফতার
জেলার দেবীগঞ্জে নকল সোনার বৌদ্ধ মূর্তি বিক্রি করার সময় শুক্রবার বিক্রেতা ও ক্রেতাসহ ৬ ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হল নোয়াখালীর লেবু মোল্লা ওরফে মিলন, কুমিল্লার হুমায়ুন কবির, শরীয়তপুরের বজলুর রহমান, ডিমলার হাকিমউদ্দিন এবং দেবীগঞ্জ এলাকার জুলহাস ও সুরুজ আলী।
পুলিশ জানায়, ওই দিন দুপুরে দেবীগঞ্জ উপজেলার খুটামারা এলাকায় সুরুজ আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ সেসময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে পিতলের ৮‘শ গ্রাম ওজনের একটি বৌদ্ধ মূর্তি ও ২২টি নকল টাকার প্যাকেট উদ্ধার করে। আটককৃত ক্রেতাদের কাছে প্রতারকরা পিতলের বৌদ্ধ মূর্তিটিকে সোনার মূর্তি বলে বিক্রি করতে চেয়েছিল।
অন্য একটি সূত্র জানায় মূর্তি কেনার জন্য নিয়ে আসা ক্রেতাদের দুই লাখ টাকার হদিস পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে পুলিশ এই টাকা হাতিয়ে নিয়েছে। তবে দেবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই চন্দন দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ক্রেতাদের কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে প্রতারক সুরুজের স্ত্রী পালিয়েছে। এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে নকল সোনার মূর্তিকে আসল সোনার মূর্তি হিসেবে বিক্রি করে প্রতারণা চালিয়ে আসছে। বিভিন্ন সময়ে এই চক্রের অনেকেই গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে এরা পার পেয়ে যাচ্ছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কতিপয় অসাধু পুলিশ প্রতারকদের এই প্রতারণা ব্যবসায় সহযোগিতা করছে। এ কারণে এই চক্রের সদস্যরা বারবার ধরা পড়ার পরেও তাদের বিরুদ্ধে কোনও জোড়ালো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। ফলে এ ধরণের প্রতারণার ঘটনা প্রতিনিয়তই ঘটছে।
