টাঙ্গাইলে বোরো ধানের ব্যাপক ফলন, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
টাঙ্গাইলে বোরো ধান কাটা শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি। প্রাকৃতিক কোনও দুর্যোগ না হলে জেলায় এবার ধানের বাম্পার ফলন হবে বলে কৃষি বিশেষজ্ঞরা জানান। এবার টাঙ্গাইলে এক লাখ ৫৫ হাজার ৩৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।
ডিজেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও গতবারের চেয়ে চার হাজার অগভীর নলকূপ বেশি ব্যবহৃত হয়েছে। গতবারে ধানের দাম বেশি পাওয়ায় কৃষকরা বোরো আবাদে মনোযোগ দেয়।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় এক লাখ ৫২ হাজার ৫৮৫ হেক্টর জমিতে উফশী ও এক হাজার ৪৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের বোরো চাষ হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ছিল উফশী এক লাখ ৫১ হাজার ৪‘শ হেক্টর এবং স্থানীয় এক হাজার ৫৫০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। ১১টি উপজেলার ফসলের মাঠে এখন ধানের সমারোহ। মাঠভরা ধান দেখে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে।
সরজমিন পরিদর্শন কালে বিভিন্ন এলাকার কৃষকরা বিডিনিউজকে জানায়, এবারের মতো ধানের ফলন এর আগে কখনও তারা দেখেনি। শিলাবৃষ্টি ও ঝড়ে কিছু এলাকার ধানের সামান্য ক্ষতি হলেও এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র বিডিনিউজকে জানান, প্রাকৃতিক দুর্যোগের বাধা-বিঘœ ছাড়া কৃষকরা যদি তাদের ক্ষেতের ধান ভালভাবে গোলায় তুলতে পারে তাহলে বাম্পার ফলন হবে। আগাম জাতের ধান বিশেষ করে ব্রিধান-২৮ কাটা ও মাড়াই শুরু হয়েছে। কোনও কোনও এলাকায় অন্যান্য জাতের ধানও কাটা হচ্ছে। বাজারে ভেজা ধান বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা মণ দরে।
আগামী কিছুদিনের মধ্যেই সর্বত্র ধান কাটা পুরোমাত্রায় শুরু হবে। ফলন ভাল হওয়ার অন্যতম এক কারণ গত বন্যায় চরাঞ্চলের জমিগুলোতে পলি জমা হয়ে সেগুলোর উর্বরতা বৃদ্ধি পাওয়া।
এছাড়া, গতবছর জেলায় বোরো চাষে ৪২ হাজার ৪৫৭টি অগভীর নলকূপ ব্যবহৃত হলেও এবার তা বেড়ে ৪৬ হাজার ৮৩৬-এ দাঁড়িয়েছে। ডিজেলের মূল্য বৃদ্ধির পরও শুধু ধানের মূল্য বেশি পাওয়ায় কৃষকরা বেশি জমিতে বোরো আবাদ করেছে বলে বিশেষজ্ঞরা জানান।
