মুন্সীগঞ্জে শিলাবৃষ্টিতে পাঁচ হাজার একর জমির ফসল বিনষ্ট
মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় গত বুধবার শিলাবৃষ্টিতে প্রায় পাঁচহাজার একর জমির বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় আকৃতির শিলার আঘাতে কমপক্ষে ১২ কৃষক আহত হয়েছে।
আহতদের মধ্যে জব্বার আলী (৫৪), রমজান (৪৮), রইস উদ্দিন (৩৮) ও ময়েজ উদ্দিন (৪৫)কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, বুধবার বিকেল থেকে রাত তিনটা পর্যন্ত তিন দফা শিলাবৃষ্টিতে বোরো ধানের পাশাপাশি বাঙ্গি, তরমুজ, শশা, মুশুরি ও বেগুনের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় মাতবরের চর, বেদের চর ও কালকিনীর কৃষকরা জানিয়েছে, এত বড় শিলা তারা এর আগে কখনও দেখেনি।
এছাড়া শিলার আঘাতে গ্রামের অনেক টিনের ঘরেরও ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
