২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক কর্তৃক যৌন হয়রানি : দ্বিতীয় দিনেও ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

রাজধানীর টিকাটুলির শের-ই-বাংলা গার্লস হাই স্কুল ও কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির সাথে জড়িত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে শত শত ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এছাড়াও তারা অধ্যক্ষ হোসনে আরা শাহেদ, উপাধ্যক্ষ নাদিয়া বেগমের অপসারণ ও প্রকৃত অভিভাবকদের নিয়ে একটি ম্যানেজিং কমিটি গঠনের দাবিসহ পুলিশের ডেপুটি কমিশনারের (ডিসি-পূর্ব) কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়।

এ সময়ে ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকদের পক্ষ থেকে প্রতিনিধিরা ডিসি’র সাথে আলাপ-আলোচনা করে এবং ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনকে গ্রেপ্তারের দাবি জানায়। 

অন্যদিকে, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আন্দোলনের মুখে স্কুলটিতে গত বুধবার থেকে তালা ঝুলছে। বৃহস্পতিবার দশম শ্রেনীর পরিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যানার, ফেষ্টুন এবং প্ল্যাকার্ডসহ আন্দোলনরত শত শত ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক সকাল ১১ টার দিকে স্কুলের সামনে জড়ো হয় এবং পরে তারা একটি মিছিল সহকারে টিকাটুলি ও হাটখোলা রাস্তা প্রদক্ষিণ করে।

এ সময়ে তারা স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও অধ্যক্ষের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।

সূত্র জানায়, ডিসি তাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

এ ব্যাপারে বিডিনিউজের সাথে আলাপকালে ডিসি-পূর্ব মাহবুবুল আলম জানান, প্রতিশ্র“তি বাস্তবায়নের জন্য অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ওই ছাত্রীর মা নায়না আক্তার বুধবার সুত্রাপুর থানায় অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

স্কুল কর্তৃপক্ষ বুধবারই ওই শিক্ষককে অব্যাহতি দিয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্র-ছাত্রী ও বেশ ক জন অভিভাবক জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।