ক্ষমতা কমিয়ে দিয়ে সরকার ইউনিয়ন পরিষদকে অকার্যকর করে তুলছে : সম্মেলনে ইউপি চেয়ারম্যানবৃন্দ
স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্র“পের জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের ইউপি চেয়ারম্যান ও সদস্যরা অভিযোগ করেছেন, বিভিন্ন ক্ষমতা কমিয়ে দিয়ে সরকার ইউনিয়ন পরিষদকে অকার্যকর করে তুলছে।
শিশু একাডেমী মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান ও সদস্যগণ আরও অভিযোগ করেন, এমপিদের অবৈধ খবরদারির কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এছাড়া গ্রাম সরকারের তৎপরতাও ইউনিয়ন পরিষদের কাজে বাধার সৃষ্টি করছে বলে তারা উল্লেখ করেন।
সকল হাট-বাজার ও জলমহাল ইজারা দেওয়ার ক্ষমতা ইউনিয়ন পরিষদকে ফিরিয়ে দেওয়া, গ্রাম সরকার বাতিল, স্বায়ত্বশাসিত ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা, এমপিদের হস্তক্ষেপ বন্ধ করাসহ ১০ দফা দাবিতে ২১ মে সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে বলে সম্মেলনে সিদ্ধান্ত হয়।
গ্র“পের জাতীয় কমিটির সভাপতি ও শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবিরউদ্দিন তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, হাঙ্গার প্রজেক্টের ড. বদিউল আলম মজুমদার, গ্র“পের জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুরের শশরা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, জাতীয় কমিটির সহ সভাপতি হাসমিন লুনা, রাজবাড়ির ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন খান প্রমুখ।
সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গাইবান্ধার সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু, আড়াইহাজার থানার মহিলা সদস্য বেগম হাসনাহেনা প্রমুখ। সম্মেলনে দাবিসমূহ পাঠ করেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আলমগীর হায়দার এবং আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন নাটোরের ইউপি চেয়ারম্যান বজলুর রহমান।
সম্মেলনে আবদুল মান্নান ভূইয়া বলেন, ইউপি চেয়ারম্যানদের ভাবমূর্তি সংকট ছিল। নাটকে দেখা যেত, ভিলেন-অর্ধ ভিলেনরা হচ্ছে চেয়ারম্যান। আগে চেয়ারম্যানদের অনেক বদনাম ছিল। কিন্তু ক্ষমতা ছিল না। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে। ফলে চেয়ারম্যানদের ভাবমূর্তি উজ্জল হয়েছে।
ড. কামাল হোসেন বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় তুলে দেওয়া দরকার। মন্ত্রণালয়ে চেয়ারম্যানদের তদ্বির ও ধর্নার অবসান হওয়া দরকার। রাজধানীতে বসে মন্ত্রনালয়ের খবরদারি সমস্যা সৃষ্টি করে। মন্ত্রণালয়ের খবরদারির দরকার নেই, প্রয়োজন জনগণের খবরদারি। তিনি আরও বলেন, মন্ত্রীরা কী করছে এ বিষয়ে এমপিরা খবর নেয় না। তারা স্থানীয় পর্যায়ে খবরদারি নিয়ে ব্যস্ত।
আব্দুল জলিল বলেন, নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের মন্ত্রণালয় এক কলমের খোঁচায় বাতিল করে দেয়। মূলত রাজনৈতিক স্বার্থে তা করা হয়। তিনি আরও বলেন, গম বন্টনের দায়িত্ব থেকে এমপিদের সরানো দরকার। ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতার জন্যে তালিকা প্রণয়ন ইত্যাদি কাজে এমপিদের হস্তক্ষেপের কারণে সারা দেশে সমস্যা সৃষ্টি হচ্ছে। জেলা মন্ত্রীরাও স্থানীয় সরকারের কাজে বাধার সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আগামীতে ক্ষমতায় গেলে আমরা স্বায়ত্বশাসিত ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করবো।
সম্মেলনে ঘোষণা করা হয়, আগামী ৩০ জুনের মধ্যে দাবি মানা না হলে কলম বিরতি, তালা না খোলা, অনশন, অবস্থান ধর্মঘট, পদযাত্রা, প্রধানমন্ত্রীর কার্যলয় অভিমুখে মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সম্মেলনের শেষে আগামী দুই বছরের জন্যে নতুন জাতীয় কমিটি গঠন করা হয়।
