২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আইরিন খানের বৈঠকে আহমদীয়া, কিবরিয়া হত্যা ও র‌্যাব ইস্যুতে আলোচনা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আইরিন জে খান যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন। বৈঠকে আহমদীয়া সম্প্রদায়, কিবরিয়া হত্যা ও র‌্যাবসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 01:42 PM

Updated : 11 Sep 2026, 02:26 PM

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএইচ মোফাজ্জল করিমের লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন।

আইরিন খান আহমদীয়া ইস্যুটি উত্থাপন করলে রাষ্ট্রদূত তাকে অবহিত করেন যে, আহমদীয়া সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে সরকার সকল প্রকার পদক্ষেপ নিয়েছে। তাদের ও তাদের উপসনালয়ের নিরাপত্তার প্রয়োজনে সরকার পুলিশ দিয়ে সহযোগিতা করছে।

রাষ্ট্রদূত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিশ্চিত করেন যে, দেশের সংবিধান অনুসারে বিভিন্ন সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্র“তিবদ্ধ।

তবে আহসানউল্লাহ মাস্টার হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি প্রদানের রায় হওয়ায় আইরিন খান সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির ব্যাপারে সরকারের প্রতিশ্র“তির কথা তুলে ধরে অ্যামনেস্টি ইন্টারনেশনালের সেক্রেটারিকে আশ্বস্ত করেন। রাষ্ট্রদূত বলেন, এসএএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের সাথে যে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকুক না কেনো তাদেরকে শাস্তি প্রদান করা হবে।

র‌্যাব সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, দেশের প্রচলিত আইনের অধীনেই র‌্যাব গঠন করা হয়েছে। তারা পুলিশ বাহিনীর নিয়মের ভেতরে থেকে আইজিপি’র তত্ত্বাবধানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে জানা যায়, বৈঠকে মোফাজ্জল করিম জানান, উন্নত দেশগুলোও অনেক সময় এমন কিছু কঠোর পদক্ষেপ নিয়ে থাকে যাতে খেয়ালখুশি মাফিক ব্যবহারের সম্ভাবনা থেকে যায়। সে তুলনায় বাংলাদেশে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে জনগণকে ব্যাপকভাবে হয়রানি না করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খানকে আশ্বস্ত করেন যে, সরকার আইন ও বিধিবিধানের আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যেটিকে সেকেলে মনে হচ্ছে সেগুলোসহ মিডিয়ার উদ্ধৃতি দিয়ে আইরিন খান যেগুলোকে ‘অপরাধ প্রবণ’ বলে চিহ্নিত করেছেন সেসব আইনও এ পদক্ষেপের আওতায় রয়েছে বলে মোফাজ্জল করিম জানান।