সামাদ আজাদের মৃত্যুতে সিলেটবাসী শোকাহত
আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে সিলেটের রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দেওয়ান ফরিদ গাজী এমপি বলেন, কলেজ জীবন থেকে তাঁর সঙ্গে আমার রাজনীতির সূচনা। ব্রিটিশ বিরোধী আন্দোলন, আসাম ছাত্র ফেডারেশনে একই সঙ্গে রাজনীতি করি। আমি সিলেটে রাজনৈতিক কর্মকান্ড চালালেও সামাদ আজাদ ঢাকায় চলে যান। তাঁর মৃত্যুতে জাতি এক ত্যাগী রাজনীতিবিদকে হারালো।
সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, বঙ্গবন্ধুর অন্যতম সহচর, বর্ষিয়ান জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে আমি একজন অভিভাবককে হারালাম। আর সিলেটবাসি হারালো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ও জাতীয় নেতাকে। তাঁর মৃত্যুতে শুধু আওয়ামী লীগে নয়, জাতীয় রাজনীতিতেও বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে।
বর্তমানে বিএনপি নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি গুলজার আহমদ বলেন, ১৯৫৪ সালে আমি যখন প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন তিনি ছিলেন আমার নেতা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তাঁকে একজন প্রজ্ঞাবান নেতা হিসেবেই পাশে পেয়েছি। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
আব্দুস সামাদ আজাদের নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের সৈয়দপুর গ্রামের বয়োবৃদ্ধ সৈয়দ মনকাদ আলী বলেন,গত কয়েকদিন ধরেই লিডারের মৃত্যু সংক্রান্ত গুজব চলে আসছিল। আজও খবর শুনে মনে হয়েছে গুজব। কিন্তু টেলিভিশনে শুনেই স্তম্ভিত হয়েছি। আমাদের এমপি সাহেবের মৃত্যুতে শুধু আমি নই, জগন্নাথপুর-দক্ষিণ সিলেটের সকলেই শোকাভিভূত।
বর্তমানে সিলেট অবস্থান করছেন গণফোরাম নেতা পংকজ ভট্টাচার্য। তিনি বলেন, সামাদ আজাদ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সংগ্রামে তাঁর কর্মকান্ডের মাধ্যমে আজকের জাতীয় নেতা হিসেবে সর্বজনীনভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি ছিলেন দক্ষ পররাষ্ট্র মন্ত্রী, স্বাধীনতা উত্তর বাংলাদেশ গড়তে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।
