দেশ পরিচালনা করতে হবে পরিকল্পনা অনুযায়ী: জয়
বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বল্প সময়ে উন্নতি করতে হলে দেশ পরিচালনা করতে হবে কোম্পানির মতো, দক্ষতার সাথে, পরিকল্পনা মাফিক।
‘নতুন সহস্রাব্দের চ্যালেঞ্জ ও বাংলাদেশের উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বুধবার তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজক ছিল আওয়ামী যুবলীগ।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নতির জন্যে সন্ত্রাস ও দুর্নীতিকে একসাথে মোকাবেলা করতে হবে। দুর্নীতি কমাতে কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন করতে ও সরকারি কর্মচারির সংখ্যা কমাতে হবে। আর এ জন্যে দরকার সৎ ও যোগ্য নেতৃত্ব।
দেশকে দ্রুত উন্নতির পথে এগিয়ে নিতে রুগ্ন শিল্প বিক্রি করে পরিকল্পনা মাফিক বেসরকারিকরণের পরামর্শ দেন তিনি। জয় বলেন , অনেক সংস্থা আছে যেগুলো সরকারের হাতে থাকার দরকার নেই।
এছাড়া ‘থ্রাস সেক্টরের’ সংখ্যা বৃদ্ধি, ব্যাংক ঋণের সুদ কমানো, কালো টাকার দৌরাতœ্য বন্ধে বৈদেশিক মুদ্রার পরিকল্পিত ও যথাযথ ব্যবহার এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টির পরামর্শ দেন জয়।
তিনি বলেন, গত ৩৪ বছরে বাংলাদেশ বেশি দূর এগোয়নি। অবশ্য দীর্ঘ ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না বলে দেশকে প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, এরপরও আমাদের ছোট এ দেশটিকে কম সময়ের মধ্যেই এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর তাকাতে হবে আগামীর দিকে। অন্যথায় অবস্থার উন্নয়ন ঘটানো যাবে না। উন্নত দেশগুলো কোন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে, তা দেখে আমাদের ব্যবস্থা নিতে হবে।
জয় বলেন, জনসংখ্যাকে শুধু সমস্যা হিসেবে দেখলে চলবে না। একে আমাদের দেশের জন্যে আশির্বাদ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি।
আমেরিকা কিংবা ভারতের উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, তাদের চেয়ে আমরা দ্রুততম সময়ে উন্নতি করতে পারি। কেননা জাতীয় উন্নয়নের জন্যে প্রথমেই দরকার অবকাঠামোগত উন্নয়ন। আর আমাদের দেশ আয়তনে ছোট বলে ওইসব দেশের চেয়ে আমরা আরও দ্রুত উন্নতি করতে পারি।
আইটি সেক্টরের ওপর বেশি জোর দেয়া হলে বাংলাদেশ অধিক লাভবান হবে উল্লেখ করে জয় বলেন, ভারত আইটি সেক্টরে আমেরিকায় যে পরিমাণ বাড়তি আয়ের উৎস তৈরি করেছে, বাংলাদেশ তার ১০ ভাগের এক ভাগ পেলে দেশের অবস্থা বদলে যেত।
তিনি বলেন, দেশে সন্ত্রাসের সবচে বড় কারণ দুর্নীতি, দারিদ্র ও বেকারত্ব। গ্রামের মানুষ কাজ না পেয়ে যখন শহরে ভিড় জমায়। এখানেও যখন কিছু করতে পারে না, তখন তারা মৌলবাদি গোষ্ঠীগুলোর খপ্পরে পড়ে এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হয়।
যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন অধ্যাপক হারুন-অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি।
এতে আলোচনায় অংশ নেন বিচারপতি কেএম সোবহান, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক একে আজাদ চৌধুরী, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমীর উল ইসলাম, অধ্যাপক শামসুল হুদা হারুন, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক আখতারুজ্জামান, ড. হোসেন মনসুর, ড. গিয়াস উদ্দিন মোল্লা, ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক আশরাফ উদ্দিন, ইকবাল সোবহান চৌধুরী, অধ্যাপক সাইদুল হক, নাজমুল হক প্রধান, শিরিন আখতার, নুর আহমেদ বকুল, নাজমা আখতার প্রমুখ।
