দেশের বর্তমান ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশুর মধ্যে ১২ হাজারের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব
বাংলাদেশে বর্তমানে ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশু রয়েছে। এদের মধ্যে ১২ হাজার শিশুর দৃষ্টি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে দেওয়া এবং আরও ১২ হাজারের জন্যে অন্ধত্ব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ) আয়োজিত এক কর্মশালায় বুধবার বিশেষজ্ঞরা এই তথ্য তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্র থেকে নিজেদের অভিজ্ঞতার আলোকে তাদের মতামত ব্যক্ত করেন।
সিএসএফ’র প্রোগ্রাম ডেভেলপমেন্ট এডভাইজার ভিওলা কোরজাক কর্মশালাটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- অধ্যাপক এম এ মতিন এমপি, সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক হাফিজুল ইসলাম মিয়া, ডা. যোবায়দা হান্নান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দিবা হোসেন।
