২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্র উৎসবমুখর পরিবেশ

আগামী ৩০ এপ্রিল কেন্দুয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রচার-প্রচারণা ততই তুঙ্গে উঠেছে। প্রার্থীদের ব্যানার এবং পোষ্টারে ছেয়ে গেছে অলিগলি, রাজপথ, বাসা-বাড়ি, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সূত্র জানায়, প্রচারণার ক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থীরাই বেশি এগিয়ে আছে। তবে কমিশনার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরাও বসে নেই। প্রতীক বরাদ্দের পরেই তারা নির্বাচনী প্রচারে নেমেছেন। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী সমর্থকরাও লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীরা সভা-সমাবেশ এবং মিছিল অব্যাহত রেখেছেন।

এদিকে ভোটাররা প্রার্থীদের সামনে এলাকার নানাবিধ সমস্যার কথা তুলে ধরছেন। প্রার্থীরাও মনোযোগ সহকারে তা শুনছেন এবং দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

জানা যায়, এবারের নির্বাচনে ৫ জন চেয়ারম্যান, ২৯ জন কমিশনার ও ১০ জন সংরক্ষিত মহিলা কমিশনার নির্বাচনে অংশগ্রহন করছেন। নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ একক প্রার্থী দিতে ব্যর্থ হওয়ায় নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- বিএনপি থেকে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া (মোমবাতি), সৈয়দ মাহমুদুল হক ফারুক (চাকা), আওয়ামী লীগ থেকে আব্দুল হক ভূঁইয়া (ছাতা), তাজিম উদ্দিন (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন ভূঁইয়া (সাইকেল)।

কেন্দুয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪,৮১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,১৬০ জন এবং মহিলা ভোটার ৬,৬৫৯ জন। নয়টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

রির্টানিং অফিসার জানান, একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার, পুলিশ, বিডিআর, এপিবিএন নিয়োজিত থাকবে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স টহল দিবে বলে জানা যায়।