২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা লঙ্ঘন করে জোত পারমিট ইস্যু, সংরক্ষিত বন উজাড় হওয়ার পথে

পার্বত্য চট্টগ্রামের বন বিভাগ থেকে নীতিমালা লঙ্ঘন করে গণহারে জোত পারমিট দেওয়া হচ্ছে। ফলে পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল এখন উজাড় হওয়ার পথে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অনুসন্ধানে জানা যায়, নীতিমালা অনুযায়ী লীজপ্রাপ্ত পাহাড়ে জোতবাগান করার শর্ত থাকলেও জোত পারমিট গ্রহীতাদের অধিকাংশই কাঠের বাগান না করে সেখানে বসত বাড়ি নির্মাণসহ বিভিন্ন ব্যক্তিগত কাজে ওই সব পাহাড় ও টিলা ব্যবহার করছে।

নিয়ম অনুযায়ী, একমাত্র পাহাড়ের স্থায়ী বাসিন্দারাই পার্বত্য এলাকার বনবিভাগ থেকে জমি লীজ নিয়ে ব্যক্তি মালিকানায় বনজ ও ফল গাছের বাগান করে জোতের মালিক হতে পারেন।

কিন্তু এখন পার্বত্য আইন অহরহ লংঘন করে পাহাড়ের অস্থায়ী বাসিন্দাদের ওইসব অনুমতি দেওয়া হচ্ছে। আবার অনুমতি পাওয়ার পর ওই সব কথিত জোত মালিকরা লীজপ্রাপ্ত পাহাড় ও টিলায় বাগান না করে বন কর্মকর্তাদের জোগসাজসে ভূয়া জোত বাগানের কাগজপত্র তৈরী করে দিব্যি লীজের শর্ত পূরণ করছে।

আবার কাল্পনিক জোত বাগানের গাছ কাটার অনুমতি নিয়ে এসব কাঠ চোররা বন বিভাগেরই কতিপয় কর্তমকর্তার সহায়তায় উজাড় করছে সংরক্ষিত বনাঞ্চল।

বন অধিদপ্তর সুত্রে জানা যায়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন পার্বত্য জেলায় পাঁচ হাজার থেকে দশ হাজার ঘনফুট আয়তনের বাগানের সংখ্যা বেশি। জেলা বন কর্মকর্তারা তাদের ক্ষমতার বাইরে জোত পারমিট অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পাঁচ হাজার ঘন ফুট কাঠের বাগান মালিকদের থেকে পাঁচটি দরখাস্ত নিয়ে পাঁচবার জোত পারমিট ইস্যু করে।

মন্ত্রণালয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, এ নীতিমালা কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত তেমন কোনো জোত পারমিটের অনুমোদন দেওয়া হয়নি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান পাহাড়ে কাঠ চুরির এহেন অরাজক পরিস্থিতির কথা স্বীকার করেন। বিডিনিউজকে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জোত বাগানের জন্য লীজ দেওয়া ১৪ হাজার একর জমির বন্দোবস্ত বাতিল করেছে।

তিনি জানান, এসব জমিতে বাগান করার জন্য লীজ নিয়ে বাগান না করে ছোটবড় বাংলো বানিয়ে ভাড়া দেওয়া হচ্ছে এবং এসব জমিতে গাছের বাগান করার জন্য স্থানীয় ব্যাংক থেকে মোটা অংকের লোন নেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু অসাধুরা লোনের টাকা অন্য খাতে ব্যবহার করছে। আবার জোত বাগানের কাঠ বিক্রির জন্যও তারা স্থানীয় বন অফিসের অনুমতি নিয়ে সারা বছর অবৈধভাবে কাঠ চুরি ও ব্যবসা করছে- এমন খবরও সরকারের কাছে রয়েছে।

মনিস্বপন দেওয়ান বলেন, এরই মধ্যে এমন বেশ কিছু অবৈধ কর্মকাণ্ড সরকারের নজরে পড়ায় আমরা এসবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অবৈধ জোত বাগানের লীজ বাতিল করে দেওয়ায় এখন সরকারের সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচার কিছুটা হলেও কমবে।

বন প্রতিমন্ত্রী জাফরুল হাসান চৌধুরী বিডিনিউজকে জানান, জোত পারমিটের কাঠ বিক্রি বন্ধ করা হয়েছিল ঠিকই, কিন্ত এখন আবার আদালতের নির্দেশে কাঠ বিক্রির কার্যক্রম চলছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ২০০৫ সাল পর্যন্ত পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ না কাটার জন্য বন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল।