২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি মামলায় জুঁইয়ের আগাম জামিন

উচ্চ আদালত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ডেপুটি রেজিস্ট্রার সুলতানা রাজিয়া জুঁইকে একটি জালিয়াতি মামলায় শনিবার আগাম জামিন দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বিচারপতি আব্দুর রশিদ এবং বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জুঁইয়ের দাখিল করা একটি পিটিশনের শুনানি শেষে এই জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া আবেদনকারীকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, এ ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শানোর নির্দেশ দেন।

জামালপুরের কামাল হোসেন ১১ এপ্রিল জয়দেবপুর থানায় সুলতানা রাজিয়া জুঁইয়ের বিরুদ্ধে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, চাকরি দেয়ার নামে জুঁই তার কাছ থেকে ১ ফেব্রুয়ারি ৭৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করে।

আবেদনকারীর পক্ষে এ্যাডভোকেট এনায়েতুর রহিম আদালতে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আফতাব আহমেদের নির্দেশে তাকে হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে।