তীব্র তাপদাহে উত্তরাঞ্চলে চারজনের মৃত্যু, আপডেট
দেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনায় তীব্র গরমে গত দু দিনে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
গ্রীষ্মের প্রথমার্ধে তীব্র এই তাপদাহে শিশু ও বয়স্কসহ বেশ কয়েকশ লোক অসুস্থ হয়ে পড়েছে।
তাপমাত্রার ওঠা নামা (৩৬ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস), অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজশাহীতে শনিবার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক চার ডিগ্রী সেলসিয়াস। এ মৌসুমে এটাই ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্র জানায়, পাবনাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে মানুষের জীবন ওষ্ঠাগত হওয়ার অবস্থা।
তীব্র দাবদাহে গত দু দিনে যে চারজনের মৃত্যু হয়েছে তারা হলেন, সদর উপজেলার ধোকারাকোল গ্রামের হাদেস মুন্সী (৮২), পীরপুর গ্রামের নবীরুন বেওয়া (৬৭), মাঝগ্রামের ঝুলু মাঝি (৬০) ও সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামের সালিম বেপারী (৭৪)।
চিকিৎসকরা বলছেন, তাদের সকলেই হিট স্ট্রোকে মারা গেছেন।
এছাড়া জেলায় গরমের কারণে অসুস্থ হওয়া লোকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ এলাকার লোকজন ঘরের বাইরে আসতে ভয় পাচ্ছে।
বিদ্যুতের লোড শেডিং এবং সেচ যন্ত্রে ঠিকমত পানি না ওঠায় মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। এলাকার টিউবওয়েলেও ঠিকমত পানি উঠছে না।
যে সকল টিউবওয়েলে পানি উঠছে সেখানে মহিলাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
গরমের কারণে রাজধানীর জনজীবনও স্থবির হয়ে পড়েছে। দুপুরে রাজধানীর রাস্তায় লোকজন ও যানবাহন চলাচল একেবারেই কমে যায়। রিকশা চালকদের বিভিন্ন স্থানে বিশেষ করে রাজধানীর পার্কগুলোতে বিশ্রাম নিতে দেখা গেছে।
এদিকে ঢাকা আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, উত্তরাঞ্চলের তাপদাহ আরও এক সপ্তাহ থাকবে।
এদিকে আমাদের মাদারীপুর সংবাদদাতা জানান, গ্রীষ্মের শুরুতেই অব্যাহত লোডশেডিং এবং অনাবৃষ্টির কারণে ভ্যাপসা গরম ও তীব্র দাবদাহে জেলার জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
অসুস্থ হয়ে পড়ে দিনমজুর ও শ্রমিকেরা বঞ্চিত হচ্ছে তাদের আয়-উপার্জন থেকে।
রোববার বিকেলে নির্মাণ শ্রমিক মামুন (২০) প্রচণ্ড গরমে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়লে তাকে নিরাময় (প্রাইভেট) হাসপাতালে ভর্তি করা হয়।
গরমের কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় দুপুরে। রিক্সা-ভ্যান, ঠেলাগাড়ী চলাচল প্রায় বন্ধ থাকে।
একটানা খরায় ইরি ও বোরো ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা জানায়।
