বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের মধ্য দিয়ে আর্ন্তজাতিক নদীসমূহের পানিবন্টন সমস্যা সমাধানের পরামর্শ
উগ্র সামপ্রদায়িকতা এবং ভারত বিরোধী মনোভাব নয় বরং বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের মধ্য দিয়ে আর্ন্তজাতিক নদীসমূহের পানিবন্টন সমস্যার সমাধান সম্ভব।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার বাংলাদেশ ওয়ার্কাস পার্টি আয়োজিত ‘আন্তর্জাতিক নদী এবং পানি সমস্যা - বিরোধের স্বরূপ ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক একথা বলেন।
আলোচনায় রাজনৈতিক ব্যাক্তিত্ব ও পানি বিশেষজ্ঞরা ভারতের প্রস্তাবিত নদী সংযোগ প্রকল্পকে বাংলাদেশের জন্য ভয়ংকর বলে উল্লেখ করে এর বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলার আহবান জানান। এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ চরম বিপর্যয়ের শিকার হবে বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেন।
তারা বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক নেতাদের একজোট হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান মেনন।
অধ্যাপক মোজাফফর আহমেদ, ড. কাজী খলেকুজ্জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, সাইফুদ্দিন আহমেদ মানিক, হাসানুল হক ইনু, বিমল বিশ্বাস, বুয়েটের পানি বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ আলী ভূঞা এবং ড. আখতার সোবহান মাসরুর আলোচনায় বক্তব্য রাখেন।
আব্দুর রাজ্জাক আরো বলেন, বাংলাদেশ পানি সংকট নিরসনে পাংসার গঙ্গা বাঁধটি অপরিহার্য্য।
তিনি দক্ষিন-পূর্ব এশিয়ার ২২টি দেশের মানুষকে বাচিয়ে রাখার জন্য গঙ্গা ব্যারেজে পানি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেন।
আলোচনা সভায় অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, শুধু মাত্র দ্বিপাক্ষিক বিষয় বিবেচনা না করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পানির পর্যাপ্ততা নিশ্চিতকরণের জন্য বেসিন ওয়াটার ম্যানেজমেন্ট গড়ে তোলা উচিত।
তিনি দেশের পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রয়োজনে নদীর পানি ব্যবহার এবং অপরিকল্পিত ড্রেজিং এবং বাঁধ নির্মানের ওপর বিধি নিষেধ আরোপের পরামর্শ দেন।
অর্থনীতিবিদ ড. কাজি খলিকুজ্জামান বলেন, শুস্ক মৌসুমে গঙ্গা নদীর বিভিন্ন উপকূল শুকিয়ে যাওয়ার ফলে ও ভূমিক্ষয়ের কারনে দেশে চাষযোগ্য ভূমি কমে যাচ্ছে। এর ফলে মানুষজন তাদের আয়ের উৎস হারাচ্ছে।
ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের ব্যাপারে আলোচকরা জোর দাবি উত্থাপন করেন। তারা বলেন এ বাধটি নির্মিত হলে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। দেশের উত্তর-পূর্বঞ্চল মরুভুমিতে পরিণত হবে।
হাসানুল হক ইনু ভারতের নদী সংযোগ প্রকল্পের সত্যিকার তথ্য উদঘাটনে একটি টাস্কফোর্স গঠনের প্রয়োজনিয়তার ওপর জোর দেন।
