আখাউড়া সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে শনিবার বিডিআর ও বিএসএফ এর মধ্যে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের পর রোববার সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করেছে।
দু’ দেশের সীমান্তরক্ষীরা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় সীমান্তবর্তী ৯টি গ্রামের প্রায় ২০ হাজার নারী-পুরুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
সীমান্তরক্ষীর সংখ্যা বৃদ্ধিসহ উভয় পক্ষই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
উদ্ভুত ঘটনার জন্য রোববার বিকেল ৫টায় আখাউড়া চেকপোস্টে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিডিআর এর পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর ও বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি আর কে চৌধুরী।
এর আগে গত শনিবার রাতে বিডিআর বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে দু’ দফা পতাকা বৈঠকের পর বাংলাদেশের অভ্যন্তরে ৩০০ গজের মধ্যে নিহত বিএসএফ’র সহকারী কোম্পানি কমান্ডার জীয়ন কুমার (৩৫) ও ২৫০ গজের মধ্যে গুলিতে আহত বিএসএফ’র কনস্টেবল কে কে সুরেন্দ্রকে রাত ১টায় বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিআর এর ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ কামরুজ্জামান ১৩১ বিএসএফ’র অধিনায়ক মৃত্যুঞ্জয় কুমারের কাছে হস্তান্তর করেন।
শনিবারের গোলাগুলির সময় জিরো ল্যান্ড থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কুড়িপাইকা গ্রামের মোঃ শাহজাদা ভুঁইয়ার কন্যা মেধাবী স্কুলছাত্রী নাহিদা আক্তারও (১০) বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
বিডিআর সূত্র ও গ্রামবাসীরা দাবি করেন ঘটনার পর থেকে এখনও বেশ কয়েকজন বাংলাদেশী নিখোঁজ রয়েছে।
সরেজমিনে ঘুরে বিডিনিউজের প্রতিনিধি জানান, গত শনিবার বিকেলে ফকিরমোড়ার বিডিআর ক্যাম্পের জোয়ানরা আগরতলা লঙ্কামুড়া গ্রামের জনৈক রামধন পাল (৫০) কে আটক করলে স্থানীয় বিএসএফ’র কোম্পানি কমান্ডার জীবন কুমারের নেতৃত্বে একদল বিএসএফ ও ভারতীয় সাধারণ নাগরিক সীমান্তের ৪০০ গজের ভিতরে প্রবেশ করে রামধন পালকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে বিএসএফ এক পর্যায়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিডিআরও পাল্টা জবাব দেয়।
বিএসএফ সদস্যরা হীরাপুর গ্রামে প্রবেশ করে ওমেদা খাতুন (৪০), ডাঃ নোমানের বাড়িসহ ৬টি বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাট করে। ওমেদা খাতুন জানান, বিএসএফ এসময় স্মরণকালের মধ্যে ভয়াবহ তান্ডব চালায়। খবর পেয়ে বিডিআর ঘটনাস্থলে পৌছে বিএসএফকে বাধা দেওয়ার চেষ্টা করলে বিএসএফ আরো বেপরোয়া হয়ে ওঠে। শুরু হয় বিআির- বিএসএফ তুমুল বন্দুকযুদ্ধ।
বিকেল সোয়া ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ গোলাগুলি চলে। এ সময়ে হীরাপুর, কুড়িপাইকার, আনোয়ারপুর, ধলেশ্বরী, বড়কুড়িপাইকা, নূরপুর, আবদুল্লাহপুর, কাীলকাপুর, সাহেবনগরসহ ৯টি গ্রামের প্রায় ২০ হাজার নারী পুরুষ আশ্রয়ে সরে যায়। হীরপুর গ্রামের শিশু মিয়া (৪০) ও খলিল মিয়া জানায়, গত শনিবারের সংগঠিত ঘটনার পর থেকে তার স্ত্রী ও সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হীরাপুরের কালু মিয়াকেও (৫৫) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার দাবি করে।
বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থানে থাকার কারণে রোববার আখাউড়া স্থল বন্দর বন্ধ ছিল। ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ কামরুজ্জামান জানান, বিডিআর জোয়ানদের সাহসিকতা দৃড় মনোবল, গ্রামবাসীদের সহযোগিতায় পরিস্থিতি বাংলাদেশের অনুকুলে রয়েছে। তবে বিডিআরকে সর্বোচ্চ সতকর্তাবস্থায় রাখা হয়েছে।
এদিকে শনিবারের ঘটনার পর রোববার ভোরে অনেকে তাদের বাড়ি ফিরলেও সীমান্তের উত্তেজনা দেখে বাড়িতে থাকার সাহস পায়নি। সীমান্তবর্তী ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। হীরাপুর গ্রামের আবুল বাশারের স্ত্রী মোছেনা বেগম জানান, গোলাগুলির ভয়ে শনিবার রাতে আখাউড়া রেল স্টেশনে ছিলাম। আজ চিনাইর-এ এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। একই গ্রামের সাফিয়া আক্তারও ঘর ছেড়ে চলে যাচ্ছেন তার বড়বোনোর বাড়িতে। হীর গ্রামের আব্দু মিয়া (৬০), হাজী আবদুস সামাদ (৬৫) জানান, ৭১ এর মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু সামনাসামনি এমন বন্দুকযুদ্ধ দেখি নাই।
এদিকে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন রোববার জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া সীমান্তে বিডিআর জোয়ানদের গুলিতে বিএসএফ এর জোয়ান নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে।
