২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের বিচারকের এজলাশে আইনজীবীদের মধ্যে হাতাহাতি

হাইকোর্টের একজন বিচারকের এজলাশে শনিবার দু’দল আইনজীবীর মধ্যে হাতাহাতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী’র এজলাশের সামনে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন তাদের পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি পালন করার সময় সরকার সমর্থক আইনজীবীরা বাধা দিলে এ অবস্থার সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সর্ব্বোচ্চ আদালতের বিচারকের এজলাশে এ ধরণের ঘটনা এটাই প্রথম।

তবে সরকার সমর্থক ও সরকার বিরোধী আইনজীবীদের দু’ পক্ষই ঘটনার জন্য বহিরাগতদের দায়ী করেছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের বর্তমান কমিটি বাতিলের দাবিতে সরকার সমর্থকর আইনজীবীরা ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে রোববার বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অফিসের সামনে ‘অবস্থান’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন শনিবার সকাল সাড়ে ১০ টায় তাদের অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করতে এসোসিয়েশনের কার্যালয় থেকে মিছিল সহকারে বর্ধিত ভবনের ২৮ নং এজলাশে যায়। সেখানে সরকার সমর্থক আইনজীবীরা আগে থেকেই অবস্থান করছিলেন।

এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাহবুব এ আলম জানান, আদালতে আমাদের বক্তব্য বলার উদ্দেশ্যে এগিয়ে গেলে সেখানে অবস্থানরত কিছু আইন কর্মকর্তা এবং কোট পরা কিছু বহিরাগত ব্যক্তি আমাদের বাঁধা দেয় এবং অশোভন আচরণ করে। এক পর্যায়ে তারা দাঁড়িয়ে চিৎকার-চেচামেচি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দু‘পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। কোট ও শার্টের কলার ধরেও টানাটানি হয়। পরস্পরের উদ্দেশ্যে প্রয়োগ হতে থাকে অশোভন শব্দাবলী। কেউ কেউ চুল ধরেও টানাটানি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এজলাশ কক্ষের টেবিলের ওপর উঠে কেউ কেউ মারমারিতে লিপ্ত হয়। প্রায় ১০ মিনিট ধরে চলে এই হাতাহাতি।

হাতাহাতি চলাকালে কোর্ট এজলাশে আসেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট এনায়েতুর রহিম জানান, বিচারকের প্রতি সৃষ্ট বিশৃঙ্খলা থামানোর জন্য বার বার অনুরোধ করা হলেও তিনি এ ব্যাপারে কোন উদ্যোগ নেননি। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে তিনি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিয়েছেন।

মারামারি থেমে যাওয়ার পর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এবং সরকার সমর্থক আইনজীবীরা হাইকোর্ট চত্বর ও ভবনে পৃথকভাবে মিছিল করে।

মিছিল শেষে দুপুরে সুপ্রীম কোর্ট বারের দক্ষিণ হলে সাধারণ আইনজীবী’দের ব্যানারে সরকার সমর্থক আইনজীবীরা এক প্রতিবাদ সভা করে। এডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সুপ্রীম কোর্টকে অচল করে দেয়ার জন্য একটি রাজনৈতিক দল নীল নকশা প্রনয়ন করেছে। তার অংশ হিসেবে বিচারপতির এজলাশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

বক্তারা সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের বর্তমান কমিটিকে অবৈধ হিসেবে অখ্যায়িত করে এর কার্যক্রম বন্ধ রাখা এবং আদালতে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান।

সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাহবুবে আলম বিডিনিউজকে জানান, তাদের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী’র এজলাশ বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী’র পদত্যাগ ছাড়া অন্য কোন বিকল্প নেই।

বিচারপতি ফয়জী’র সনদপত্র কেলেঙ্কারিকে কেন্দ্র করে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য তার আদালত বর্জন করছেন।