২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর জবই বিলে মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রায় ৮ লাখ টাকার মাছ লুট, ৩ জন গ্রেফতার

জেলার সাপাহার উপজেলার জবই বিল মৎস্য উন্নয়ন প্রকল্পের একটি অভয় আশ্রম থেকে বুধবার দিবাগত গভীর রাতে প্রায় আট লাখ টাকার ডিমওয়ালা মাছ লুটপাট হয়েছে। একই প্রকল্পের অপর একটি আশ্রম থেকে ডিমওয়ালা মাছ লুটপাটের চেষ্টার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 01:12 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সূত্র জানায়, প্রচন্ড খরার কারণে পানি কমে আসায় জবই বিল মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতাধীন ডুবরইল বিলের অভয় আশ্রমে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কুসিন্দরি, পাহাড়ী পুকুর, মুত্রইল ও মাইল ডাঙ্গা গ্রামের প্রায় পাঁচ‘শ ব্যক্তি হানা দেয়। তারা সারারাত ধরে ওই অভয় আশ্রম থেকে প্রায় আট লাখ টাকার ডিম সমৃদ্ধ কাতল, বোয়াল ও চিতল মাছ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

এছাড়া একই প্রকল্পের আওতাধীন মাহীন বিলের অভয় আশ্রমে গত বৃহস্পতিবার বিকালে শতাধিক ব্যক্তি মাছ লুটপাটের চেষ্টা করলে সাপাহার থানা পুলিশ এবং স্থানীয় মৎস্য চাষীরা এতে বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশ লুটপাট ঠেকাতে লাঠিচার্জ করলে কমপক্ষে ১০ জন আহত  হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লুটপাটের অভিযোগে জয়দেবপুর গ্রামের আবুল কালাম (২৬), আব্দুল আলিম (২৭) ও ছয়বর আলী (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে।

সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী বাদী হয়ে শুক্রবার সাপাহার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন।