রাজশাহীতে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, সাংবাদিককে মারধর
মহানগর প্রেসক্লাবে একদল সশস্ত্র সন্ত্রাসী বৃহস্পতিবার বিকেলে হামলা চালায় এবং একজন সিনিয়র সাংবাদিককে মারধর করে।
স্থানীয় প্রত্রিকা ‘নতুন প্রভাত’র সিনিয়র স্টাফ রিপোর্টার এবং মহানগর প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়াকে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক, পলাশ ও সুব্রতসহ স্থানীয় একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায়এবং জিয়াকে মারধর করে। পরে তারা তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় উপস্থিত অন্যান্য সাংবাদিকদের প্রতিরোধের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়।
মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী গিয়াস বলেন, ‘হামলাকারীদের একজন জিয়াকে বেল্ট দিয়ে পিটায় এবং বলতে থাকে ‘তোকে সাংবাদিকতা শিখিয়ে দিচ্ছি’।
মহানগর প্রেসক্লাবের অফিস সহকারী নুরুল ইসলাম মুকুল বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে তৈরি মঞ্চের সামনে বেড়া দেওয়া নিয়ে দুই সন্ত্রাসীর সাথে জিয়ার কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে প্রেসক্লাবে হামলা চালায়।
তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে উপস্থিত থাকার জন্য বলা হলেও ঘটনার সময় সেখানে কোনও পুলিশ উপস্থিত ছিল না।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী প্রেসক্লাব, মহানগর প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে।
