২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে অবাধে চলছে গবাদিপশুর চোরাচালান

লালমনিরহাট সীমান্ত পথে গবাদিপশু পাচার অব্যাহত থাকায় সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে অন্তত ৯ টি পয়েন্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে শ শ গবাদিপশু বাংলাদেশে প্রবেশ করছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সীমান্তের ১৭ টি স্থানে বিডিআর সীমান্ত ফাঁড়ি রয়েছে। এর মধ্যে গরু-মহিষ আমদানির জন্য ৫ টি পয়েন্ট চালু রয়েছে। নির্দিষ্ট এসব পয়েন্ট ছাড়াও চোরাকারবারীদের নিজস্ব আরও ৪/৫ টি পয়েন্ট রয়েছে। কমবেশি ৯ টি পয়েন্ট দিয়ে প্রতিদিন গবাদিপশু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

গবাদিপশু দেশে প্রবেশের ক্ষেত্রে সীমান্ত রক্ষীবাহিনীর তত্ত্বাবধানে রাজস্ব প্রদানের জন্য করিডোরে প্রেরণ করা হয়। আগে দেশে গবাদিপশু প্রবেশ করার পর সেগুলো সরাসরি সীমান্তবর্তী করিডোরে নিয়ে সেখানেই রাজস্ব প্রদান হত। বর্তমানে বিডিআর বিওপি সংলগ্ন স্থানে কথিত পয়েন্ট স্থাপন করায় পূর্বের নিয়ম পরিবর্তন করা হয়।

বর্তমান নিয়মে গবাদিপশু ভারত থেকে দেশে প্রবেশের পর বিডিআর করিডোরে রাজস্ব প্রদানের জন্য লাল ও সবুজ টোকেন (টিকিট) পদ্ধতি চালু করে। এই টিকিট দেখলেই করিডোরে ৫ শ টাকা হারে রাজস্ব গ্রহণ করে ছাড়পত্র প্রদান করা হয়। এই দুই রংয়ের টিকিট ছাড়া হলুদ রং এর অন্য টিকিটও আছে যেটি ব্যবহার করে গবাদি পশুর জমজমাট চোরাচালান ব্যবসা চলছে। কাস্টমস বিভাগ টোকেন পদ্ধতির বিপক্ষে বলে জানা যায়। তারা এ ব্যাপারে অনাস্থাও আনে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। করিডোরে গবাদিপশু হাজিরের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা সর্বোচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনও করে।

জানা গেছে, টিকিট পদ্ধতি ছাড়াও চোরাচালান হয়। বিভিন্ন পয়েন্ট দিয়ে গড়ে প্রতিদিন ১ হাজার গবাদিপশু বাংলাদেশে আসে। এই ১ হাজারের মধ্যে শতকরা ৩/৪ টি গবাদিপশুর রাজস্ব করিডোরে প্রদান করে ছাড়পত্র সংগ্রহ করা হয়। এক হিসেবে দেখা গেছে, প্রতি বছর গবাদিপশু থেকে সরকার রাজস্ব হারায় ১০ থেকে ১২ কোটি টাকা। অবৈধভাবে গবাদিপশু পাচার না হলে লালমনিরহাটে প্রতিটি করিডোরের আয় বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হয়।

পাচার হওয়া গবাদিপশু থেকে সীমান্তের রক্ষীবাহিনী দালালের মাধ্যমে প্রতিটির জন্য ৩০০ থেকে ৩৫০ টাকা আদায় করে। বিভিন্ন স্থানে সাদা টিকেট ব্যবহার করেও অবৈধভাবে অর্থ আদায় করে। এসব অর্থ বিডিআর, পুলিশ, বিভিন্ন সংস্থাও, রাজনৈতিক ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

গবাদিপশু চোরাচালানের মাধ্যমে বিশেষ করে প্রতিরোধকারী সরকারি সংস্থাগুলোই বেশি লাভবান হচ্ছে, তাই তারা পাচারের ব্যাপারে অনেকটাই গাছাড়াভাবে দায়িত্ব পালন করে থাকে।

জেলার পাটগ্রামের শ্রীরামপুর, ঝালঙ্গি, ধবলসতী, পানবাড়ী, হাতীবান্ধার বড়খাতা, সিংগীমারী, বনচৌকি, দইখোওয়া, জাউরানী, আদিতমারী থানার দুর্গাপুর, দীঘলপুর, দীঘলটারী, সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট সীমান্ত এলাকা হচ্ছে গবাদিপশু পাচারের অন্যতম রুট।

এদিকে, লালমনিরহাট সীমান্তপথে অন্যান্য পণ্যও অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। ভারত থেকে আসা এসব চোরাই পণ্যের মধ্যে রয়েছে- হেরোইন, ফেন্সিডিল, মতিহার তামাক, তামাকের ডাটা, মদ, গাঁজা, মোটর সাইকেল, স্টিলের সামগ্রী, বাইসাইকেল, সাইকেলের খুচরা যন্ত্রাংশ, ডিডিটি পাউডার, আয়োডিনবিহীন লবণ, চিনি, ভূট্টা বীজ, নিুমানের পাট বীজ ও কীটনাশকসহ বিভিন্ন সামগ্রী। বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে মশারির থান, গেঞ্জি, জাঙ্গিয়া, পাওয়ার টিলার, জাতি তামাক, স্বর্ণ, ভোজ্য তেল ও জ্বালানি তেলসহ বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতি।

এ ব্যাপারে বিডিআরের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সীমান্তের সকল পয়েন্টে কঠোর পাহারার ব্যবস্থা না থাকায় সীমিত লোকবল নিয়ে বিডিআরের পক্ষে এই বিপুল পরিমাণ চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, এছাড়া চোরাচালান দমনে কাস্টমস্ পুলিশ ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্ব পালনে গাফিলতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর সীমাহীন দুর্নীতি তো রয়েছে।

ফলে, একদিকে যেমন বৈধভাবে আসা ভারতীয় পণ্যে বাজার সয়লাব হয়ে যাচ্ছে। অপরদিকে, চোরাচালানি পণ্যের আগ্রাসন বিরূপ প্রভাব ফেলছে সামগ্রীক অর্থনীতিতে।