পয়লা বৈশাখ উপলক্ষ্যে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা
বৃহস্পতিবার পয়লা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জি ১৪১১ সালকে বিদায় জানিয়ে ১৪১২ সালে পদার্পণ করবে। নববর্ষে আনন্দমূখর কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এসব সংগঠনের বাইরেও দেশের কোটি কোটি মানুষ এই দিন আনন্দ ও উৎসবের আমেজে নববর্ষকে স্বাগত জানাবে। বিদায় জানাবে আরও একটি বর্ষকে। এসব সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর রাজপথে নামবে মানুষের ঢল।
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আয়োজন হবে বর্ষবরণ অনুষ্ঠানের। তবে প্রতিবারের মতো এবারও মূল অনুষ্ঠানটি হবে ঢাকার ঐতিহাসিক রমনা বটমূলে। ছায়ানটের শিল্পীরা ভোর থেকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বর্ষকে স্বাগত জানাবে।
ছায়ানট ছাড়াও দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও সুধীজনদের উদ্যোগে প্রখ্যাত কবি শামসুর রাহমানকে আহ্বায়ক করে ১০০১ সদস্যের পয়লা বৈশাখ উদ্যাপন জাতীয় পরিষদ গঠন করা হয়েছে। পরিষদ ওই দিন সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করবে। এ শোভাযাত্রা ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হবে।
অন্যান্য সংগঠনের মতো ব্রিটিশ কাউন্সিলও আয়োজন করেছে অনুষ্ঠানমালার। ১৩ এপ্রিল বুধবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তাদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দেশের বিশিষ্ট শিল্পীদেদের ভাষ্কর্য প্রদর্শনী। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে লাঠি খেলা ও লোক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পয়লা বৈশাখের অনুষ্ঠানে যে কোনও প্রকার নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিয়মিত আইন-শৃংখলা বাহিনীর সাতশ সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) এক হাজার সাতশ সদস্য মোতায়েন করা হয়েছে।
২০০১ সালের বাংলা নববর্ষে রমনার অনুষ্ঠানে নারকীয় বোমা হামলার পর থেকে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালে তাদের সদস্যরা অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করবে। র্যাব-১ ও ২-এর সদস্যরা অনুষ্ঠানের মূল কেন্দ্র রমনা বটমূল ও রমনা পার্কের ভেতর (ইনার প্যারামিটার) টহল জোরদার করবে।
উৎসবস্থলের আউটার প্যারামিটার নিরাপত্তা বেস্টনির আওতায় থাকবে শিশুপার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, সড়ক ভবন, হাই কোর্ট, শিল্পকলা একাডেমী, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সুগন্ধা, বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, ডিপিএইচই ভবন, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট, ভাসানী সড়ক, কাকরাইল, জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ ও শাহবাগ চত্তর।
এছাড়া র্যাব ৩ ও ৪-এর সদস্যরাও রাজধানীর অন্যান্য পয়েন্টে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নিয়োজিত থাকবে।
র্যাবের এক কর্মকর্তা জানান, রমনা পার্কের ভেতর বিভিন্ন পয়েন্টে ভিডিও ক্যামেরা এবং প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপন করা হবে। জনসাধারণকে মেটাল ডিটেক্টর অতিক্রম করে উদযাপনের মূলকেন্দ্র রমনা বটমূলে যেতে হবে।
এদিকে ডিএমপির পক্ষ থেকে পয়লা বৈশাখ পিজি ক্রসিং থেকে মৎস্য ভবন ও শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত যান চলাচল বন্ধ রেখে ভিন্ন পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশদ্বার ব্যবহার এবং কোন প্রকার ব্যাগ, ঝুঁড়ি, ব্রিফকেস, প্যাকেট বা গিফট্ বক্স বহন না করতে বলা হয়েছে।
