২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দেশে চারটি ভূমিকম্প পর্যবেক্ষন কেন্দ্র স্থাপন করছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, ভূমিকম্প ও সুনামিজনিত দুর্যোগ মোকাবেলায় সরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সুসংগঠিত ব্যবস্থাপনা গড়ে তোলার ব্যাপক পরিকল্পনা নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মঙ্গলবার ঢাকার গেন্ডারিয়ার ধোপখোলার মাঠে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ পরিচালনার ওপর একটি প্রদর্শনী মহড়ায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ মহড়ার আয়োজন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ও  উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

মহড়ায় অংশ গ্রহন করে ঢাকা সিটি করপোরেশন, আর্মড ফোর্সেস ডিভিশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তর, দপ্তর, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উদ্বেগজনক হারে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে।

তিনি বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেন, বাংলাদেশও ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বলয়ের মধ্যে অবস্থান করছে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের ভুমিকম্পের ফলে সৃষ্ট সুনামি এবং ২৮ মার্চে সুমাত্রা দ্বীপে সংঘটিত ভয়াবহ ভুমিকম্প হয়। এতে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে।

রাষ্ট্রপতি আরও বলেন, সরকারিভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে চারটি ভুমিকম্প পর্যবেক্ষন কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব পর্যবেক্ষন কেন্দ্র স্থাপনের কাজ শিগগিরই সম্পন্ন হবে।

অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগ, গ্যাস, বিদ্যুত ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ভুমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায়  ইতোমধ্যে নিজ নিজ কর্মপরিকল্পনা গ্রহন করেছে। তবে দেশের মানুষ বর্তমানে দুর্যোগ মোকাবেলায় যে কোনো সময়ের চেয়ে অধিকতর আত্মপ্রত্যয়ী।

সাভারের বহুতল ভবন ধ্বসে গার্মেন্টস কর্মীদের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আগে থেকেই এ ধরণের উদ্ধার কাজের প্রস্তুতি থাকলে এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান নামিয়ে আনা সম্ভব হতো।

তিনি ঢাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ভুমিকা হচ্ছে দুর্যোগের কাছে অসহায় আত্মসমর্পন নয়, বরং প্রয়োজনীয় প্রস্তুতি ও সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে সাহসের সাথে দুর্যোগ মোকাবেলা।