২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তে নীলফামারী ডাকঘরে একাউন্ট জালিয়াতির পরিমান ২ কোটি টাকায় দাঁড়িয়েছে, আপডেট

নীলফামারী প্রধান ডাকঘরের একাউন্ট জালিয়াতির তদন্তে গত দুদিন আরও ৭৫ লাখ টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে। এ নিয়ে এ ডাকঘরে মোট দুই কোটি টাকা আত্মসাতের ঘটনা উন্মোচিত হলো।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 04:12 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

জেলার প্রধান ডাকঘরে একাউন্ট জালিয়াতি মামলায় গ্রেফতারকৃত সহকারী পোস্টমাস্টার মীর নুরুল ইসলাম মুন্না, লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু ও পলাতক কাউন্টার অপারেটর তসলিম উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ গ্রেফতারের তারিখ থেকে কার্যকরি হবে।

তদন্ত দলের এক সদস্য জানিয়েছে, নীলফামারী প্রধান ডাকঘরে জালিয়াতির মাধ্যমে যেভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটেও অনুরূপ উপায়ে জালিয়াতি করা হয়।

এদিকে গ্রেফতারকৃত সহকারী পোস্টমাস্টার মীর নুরুল ইসলাম মুন্না ও লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু নীলফামারী জেলা কারাগারে জামাই আদরে আছেন।

জানা গেছে, এই দুই হাজতির দেখভাল নিয়ে গলদঘর্ম হচ্ছেন স্বয়ং জেলার থেকে শুরু করে সাধারণ কারারী পর্যন্ত। বিপুল পরিমান সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এই ভিআইপি আসামীদের সেবা করতে তাদের মধ্যে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে।