মাদারীপুরে র্যাব ও পুলিশের সাঁড়াশি অভিযান : ২৩ সর্বহারা গ্রেফতার
মাদারীপুর ডিএসবিতে কর্মরত দু’জন এসআই অপহরণের আটদিন পরও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অপহৃতদের উদ্ধার অথবা কোনও ক্লু খুঁজে বের করতে পারেনি। গত ৩ এপ্রিল উক্ত দুই এসআই পূর্ববাংলা সর্বহারা অধ্যুষিত রাজৈর উপজেলার শাখারপাড় থেকে অপহৃত হয়।
পুলিশ এবং র্যাব যৌথ অভিযান চালিয়ে জেলার রাজৈর ও শিবচরের সর্বহারা অধ্যুষিত এলাকা থেকে সোমবার পর্যন্ত ২৩ জনকে আটক করে। সন্দেহভাজন আটককৃতদের মধ্যে সর্বহারা দলের সক্রিয় সদস্য রয়েছে বলে পুলিশ দাবি করছে। কিন্ত এলাকার অধিবাসী ও সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আ কা ফজলুল হক বিডিনিউজকে জানায় যে, পুলিশ সর্বহারা গ্রেফতারের নামে এলাকার নিরীহ লোকদের গ্রেফতার ও হয়রানি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্ভবত সর্বহারা দলের দুই কমান্ডারের নেতৃত্বে এসবি কর্মকর্তাদ্বয় অপহৃত হয়েছে। পুলিশ উক্ত দুই কমান্ডারকে গ্রেফতারের আশাবাদও ব্যক্ত করেছে।
