২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

জেলার কুমারখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মঙ্গলবার চরমপন্থী জাসদ গণবাহিনীর এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে। ওই ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 12:57 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে তারা উপজেলার বাগুলাট ইউনিয়নের বড়–য়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা রবিউল ইসলামকে প্রেপ্তার করে।

তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অস্ত্র উদ্ধার এবং চরমপন্থীদের ধরার জন্য শালঘর মধুয়া এলাকায় পৌঁছলে রবিউলের সহযোগী চরমপন্থীরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

আধ ঘন্টার এ বন্দুকযুদ্ধে পুলিশ ২১ রাউন্ড এবং চরমপন্থীরা প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। সে সময় রবিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

পুলিশ জানায়, রবিউলের বিরুদ্ধে একটি জোড়া খুন ও তিনটি হত্যাকান্ডসহ পাঁচটি মামলা রয়েছে।