২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এইচআইভি-এর প্রকোপ বাড়ছে

সিলেট অঞ্চলে এইচআইভি-এর প্রকোপ বাড়ছে। এ পর্যন্ত ২৫ জনের রক্তে এইচআইভির উপস্থিতি ধরা পড়েছে। এইচআইভিজনিত এইডস রোগে ইতোমধ্যে দু’জনের মৃত্যুও হয়েছে। মনিপুরী আদিবাসী ও প্রবাসীরা অত্র অঞ্চলে এ ভাইরাসের প্রধান বাহক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সিলেট অঞ্চলে এইচআইভি আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৭ জন নারী। ভারতের মনিপুর রাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। ওই অঞ্চলের মনিপুরীদের সাথে সিলেট অঞ্চলের মনিপুরীদের জ্ঞাতি-সম্পর্ক রয়েছে, মেলামেশাও ঘনিষ্ট।

এছাড়া, এখানে এইচআইভি আক্রান্তদের সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ এ অঞ্চল প্রবাসী-অধ্যুষিত। আবার এইচআইভি সংক্রমনের ভয়াবহতা সম্পর্কে লোকজনের অস্পষ্ট ধারণার কারণেও দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, এইচআইভি সংক্রমণের এক পর্যায়ে এইডস রোগ শরীরে বাসা বাঁধে। ১৯৯৪ সালে এইডসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম এক প্রবাসীর মৃত্যু ঘটে। এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন তদন্ত শেষে জানান, এ রোগ নির্ণয়ে এলিসা টেস্ট করানোর সরকারি কোনও ব্যবস্থা এখানে নেই। তবে দু’ একটি বেসরকারি ক্লিনিকে এ টেস্ট করানো হয় বলে তিনি জানান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের অধ্যাপক ডা. মিসবাহ উদ্দিন চৌধুরী জানান, একবার এলিসা টেস্ট করে কোনও ব্যক্তির রক্তে এইচআইভি পাওয়া গেলেই তাকে এইডস রোগী বলে ধরে নেওয়া ঠিক নয়। বেশ কয়েকবার টেস্ট করানোর প্রয়োজন রয়েছে। এ মরণব্যধি থেকে বাঁচতে হলে সচেতন হওয়া, বিশেষ করে রোগীর শরীরে পরীক্ষিত রক্ত দেওয়া প্রয়োজন বলে তিনি জানান।

এলিসা টেস্ট করানো হয় এমন একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরির সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, এ ল্যাবরেটরিতে প্রায় এক হাজার লোক তাদের রক্ত পরীক্ষা করিয়েছেন।

আম্বরখানাস্থ অপর একটি প্রাইভেট ক্লিনিকের দায়িত্বশীল সূত্র স্বীকার করেছে যে, তাদের ক্লিনিকে এলিসা টেস্ট করানোর পর ৭/৮ জনের রক্তে এইচআইভি ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে দু’জন প্রবাসীও রয়েছেন। দু’প্রবাসীর মধ্যে একজন লণ্ডন ও অপরজন দুবাই থাকেন।

দুবাই প্রবাসী ওই ব্যক্তির শিশুপুত্রের রক্ত পরীক্ষা করেও এইচআইভি’র নমুনা পাওয়া গেছে বলে ক্লিনিক সূত্র জানিয়েছে।

সিলেট অঞ্চলে এইচআইভি-সংক্রমণকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ করা গেছে। এইচআইভি/এইডস মোকাবেলায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এলিসা টেস্টের সরজ্ঞাম জোগানো এবং এলাকার লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টি অতি জরুরি।