২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে এক বাংলাদেশী তরুণীকে গ্রেফতার করেছে এফবিআই

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে গত মাসে গোয়েন্দা সংস্থা এফবিআই আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে এমন দু জন ১৬ বছর বয়সী তরুণীকে গ্রেফতার করেছে। তাদের একজন বাংলাদেশী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা বলেছেন তাদের অভিযোগ সঠিক নয়। বাংলাদেশী তরুণীর স্কুলের জন্য লেখা একটি রচনাকে যুক্তরাষ্ট্রের সরকার ভুল ব্যাখ্যা করছে বলে তারা জানান।

একটি সরকারি নথির উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস ও যুক্তরাষ্ট্রের অন্যান্য বহুল প্রচারিত দৈনিক এ সংক্রান্ত প্রতিবেদনে জানায়, ২৪ মার্চ গ্রেফতারের পর দু তরুণীকে পেনসিলভেনিয়ার লেসপোর্টে অবস্থিত ফ্যামিলি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে।

সরকারি ওই নথিতে এফবিআই’র আশংকাকে উদ্ধৃত করে বলা হয়, তরুণী দু জন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, কেননা তাদের আত্মঘাতী বোমা হামলাকারী হওয়ার সম্ভাবনার সাক্ষ্যপ্রমান রয়েছে। কিন্তু এফবিআই সাক্ষ্যপ্রমানের প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট কিছুই বলেনি।

এফবিআই’র সাথে সম্পৃক্ত নন ফেডারেলের এমন একজন কর্মকর্তা সন্দেহ প্রকাশ করে বলেন, উঠতি বয়সীদের মধ্যে আত্মঘাতী বোমা হামলায় জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেন, এ ধরণের অভিযোগ সম্পর্কে এখনও কোন সাক্ষ্যপ্রমান পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র আইন প্রয়োগকারী কর্মকর্তাও এ অভিযোগ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের পুলিশ গোয়েন্দারা ও ফেডারেল ইমিগ্রেশনের কর্মকর্তারা বাংলাদেশী তরুণীর ব্যবহার্য বিভিন্ন জিনিস তদন্ত করে তার কম্পিউটার ও হোম স্কুলিং প্রোগ্রামের অংশ হিসেবে লেখা কিছু রচনা জব্দ করে। জব্দকৃত রচনাগুলোর মধ্যে একটি আত্মহত্যা সংক্রান্ত। তার পরিবারের সদস্যরা অবশ্য বলছেন, আত্মহত্যা ইসলামী আইন বিরোধী। কিন্তু পরিবারের এই বক্তব্যের পর তদন্তকারীরা তরুনীর রাজনৈতিক বিশ্বাসের বিষয়টি তদন্ত করতে শুরু করেছে।