২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কার্যক্রমে সাংসদদের অসন্তোষ প্রকাশ

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কার্যক্রমের ওপর বৃহষ্পতিবার সংসদীয় স্থায়ী কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। কমিশন আজ পর্যন্ত কোনও বৈঠকই করেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল ভূমি কমিশনের কার্যক্রমের ওপর আলোকপাত করে বৈঠকে বলেন, এমন এক দোকান খুলে বসলেন যেখানে কোনও কাস্টমারই নেই।

বিএনপির সংসদ সদস্য আলাল বলেন, আপনারা দেশের সম্মনিত নাগরিক। জনগণের টাকা থেকে আপনারা বেতন নিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই করছেন না।

ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি এএম মাহমুদুর রহমান কমিশনকে সমর্থন করে বলেন, আমরা আইনের বাইরে যেতে পারি না, আমাদেরকে আইন মেনে চলতে হয়।

সূত্র জানায়, এ জবাবের প্রেক্ষিতে সংসদীয় কমিটির চেয়ারম্যান কমিশনের আইনগত সীমাবদ্ধতা জানতে চান।

জামাতে ইসলামির সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলের মূল সমস্যা হচ্ছে ভূমির মালিকানা। তিনি কমিশনের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, এ সমস্যার সমাধানে আপনি এখনও কমিশনকে সক্রিয় করতে পারেননি।

১৯৯৭ সালে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ১৯৯৯ সালে নয় সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয় এবং ২০০১ সালে এ সংক্রান্ত একটি আইন প্রণয়ন করা হয়।

কমিশনের চেয়ারম্যান হিসেবে তিন বছরের মেয়াদ শেষে পুনরায় বিচারপতি মাহমুদুর রহমানের মেয়াদ আবার বাড়ানো হয়।

২০০৩ সালের ২৭ জুলাই পর্যাপ্ত জনবল নিয়ে কমিশনের কার্যক্রম পুরোদমে চালানোর ব্যাপারে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়।

এছাড়া সংসদীয় স্থায়ী কমিটি আরও জানায়, পাবর্ত্য চট্টগ্রাম ভূমি কমিশন আজ পর্যন্ত কোনও বৈঠকে বসেনি।

স্থায়ী কমিটি সংস্থাপন, পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কমিশনের কার্যক্রম তরান্বিত করার উদ্যোগ নিয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা আগামী ২৩ এপ্রিল বান্দরবানে কমিশনের প্রধান কার্যালয় পরিদর্শনে যাবে।

স্থায়ী কমিটির এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান এবং ওয়াদুদ ভূঁইয়া।