পুলিশের নতুন আইজিপি হাদিস উদ্দিন
পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সরকারি এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
আইজিপি এম আশরাফুল হুদার মেয়াদ ৭ এপ্রিল পূর্ণ হওয়ায় হাদিস উদ্দিনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
পুলিশের ক্যাডার সার্ভিসের ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হাদিস উদ্দিন বাংলাদেশ পুলিশের ২৩ তম আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন।
নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার কাউন্সিলর হিসেবে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে কম্বোডিয়ায় জাতিসংঘ মিশনে ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
যুক্তরাজ্য থেকে তিনি অপরাধ তদন্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। হাদিস উদ্দিন কম্বোডিয়া, থাইল্যান্ড, সৌদি আরব ও কাতার সহ বেশ কিছু দেশ সফর করেছেন।
