বৃহষ্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস
সরকার স্বাস্থ্যখাতে বিভিন্ন কার্যক্রমে সাফলের কথা ঘোষণা করলেও দেশের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশ এখনো পিছিয়ে রয়েছে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সারভে (বিডিএইচএস)’র রিপোর্টে দেখা গেছে দেশের ৪৮ শতাংশ শিশু পুষ্টিহীনতায় ভুগছে।
ধনী ও গরিবদের মধ্যে প্রজনন হার, শিশু মৃত্যুহার এবং পরিবার পরিকল্পনা ও অণ্যান্য স্বাস্থ্য সেবা ব্যবহারে বিশাল পার্থক্য বিরাজমান বলে সুস্পষ্ট উল্লেখ পাওয়া গেছে বিডিএইচএস প্রতিবেদনে।
স্বাস্থ্যখাতে এমন পরিস্থিতি সামনে রেখে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশ। এবছর দিবেসটির প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে ‘সবার আগে মা ও শিশুর স্বাস্থ্য’।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন এক সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্যখাতে সরকারের কর্মসুচী সম্পর্কে বিস্তারিত জানান।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করেন। এছাড়াও দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।
‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘সবার আগে মা ও শিশুর স্বাস্থ্য’ নির্বাচন খুবই অর্থবহ হয়েছে বলে তারা মত প্রকাশ করেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘মানবিক জীবনবোধ, মেধার বিকাশ ও কর্মোপযোগী জাতি গঠনে সুস্থ মা ও স্বাস্থ্যবান শিশু একান্তই কাম্য। বিশ্বব্যাপী মা ও শিশু স্বাস্থ্য রক্ষার বিষয়গুলোকে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য সেবা দানের সকল পর্যায়ে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে এবং জনগণের মাঝে সচেতনতা গড়ে তুলতে আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেন, ‘মা ও শিশু আমাদের জনসংখ্যার এক বিরাট অংশ। ইতোমধ্যে আমরা নতুন নতুন হাসপাতাল নির্মাণ, শয্যা সংখ্যা বৃদ্ধি ও সেবাকার্যক্রম বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করেছি। হাসপাতালগুলোতে মহিলা ও শিশু রোগ বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হচ্ছে। প্রজনন স্বাস্থ্য, জরুরি প্রসূতি সেবা, পুষ্টি শিক্ষাকে যথাযথ গুরুত্ব দেয়া হচ্ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আশা করি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহও মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষায় উপযুক্ত কর্মসূচি নিয়ে এগিয়ে আসবে।’
