গোপালগঞ্জে বারুনী মেলায় ভীড়ের চাপে সাত পূন্যার্থী নিহত, আপডেট
গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের তীর্থ বারুনী মেলা ও øানে অংশ নিতে গিয়ে বুধবার সকালে ভীড়ের চাপে পড়ে সাত পূন্যার্থী মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বুধবার থেকে সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়।
নিহতদের মধ্যে চার জন মহিলা, দুইজন পুরুষ ও একজন শিশু। এরা হচ্ছেন বাগেরহাট জেলার বৃষ্টিপুর গ্রামের আরতী পালিত (৬২), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার লক্ষীপুর গ্রামের জিলাপি দাস (৬২), বরিশাল জেলার হাবিবপুর গ্রামের আরতী পাল (৫৮), খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার লাইন বিল পাবলা গ্রামের পুতুল পাত্র (৪৫), খুলনা জেলার জলসা চক্রখালী গ্রামের চন্দ্রকান্ত হালদার (৫৭), গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের মহাদেব দে (৩৫) ও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মৌবোগ গ্রামের মিলন ধর (১০)।
গোপালগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমে কাশিয়ানী থানার ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ১৮৩ তম জন্ম জয়ন্তি উপলক্ষ্যে বুধবার ভোর থেকে শুরু হয় পূন্যøান। প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয় ওড়াকান্দিতে।
ঠাকুরবাড়ির পাশে কামনাসাগর ও দুধসাগর নামে দু‘টি বড় দীঘি রয়েছে। মতুয়া ভক্তরা মনে করেন, উল্লেখিত দু‘টি দীঘিতে øান করলে তাদের মনের আশা পূরণ ও পাপমোচন হয়। এছাড়া ঠাকুরবাড়িতে রয়েছে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার মন্দির শ্রী শ্রী হরিমন্দির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রী শ্রী হরিমন্দিরের সামনে বুধবার সকালে দুর্ঘটনা ঘটে। সকালে উৎসবের উদ্বোধনের পর পুন্যার্থীরা দলে দলে ঢাক-ঢোল পিটিয়ে লাল নিশান উড়িয়ে মন্দির ও দীঘির দিকে আসতে থাকে। হরি মন্দির চত্বরে প্রচুর ভক্তের সমাগম হয়। ভক্তদের মধ্যে শুরু হয় হরি মন্দিরে আগে গিয়ে প্রনাম করার প্রতিযোগিতা। এ সময় প্রচন্ড ধাক্কাধাক্কির মধ্যে অনেক ভক্ত মাটিতে লুটিয়ে পড়েন। পদদলিত ও নিশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ছয় জন। আহত হন শতাধিক নারী-পুরুষ। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মারাত্মক আহত চন্দ্রকান্ত হালদারকে রামদিয়া ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। আহত গীতা সরকার (৪০) ও সুশীল বারুরীর (৩৫) অবস্থা বর্তমানে আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে তারা হস্তান্তর করে আত্মীয়-স্বজনদের কাছে। অতিরিক্তি পুলিশ সুপার আহমদ আমীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি বুধবার বিকেলে ওড়াকান্দিতে এসে এ বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।
ওড়াকান্দির গদীনশীন ঠাকুর মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর বলেন, অন্যান্য সময়ের তুলনায় এ বছর ভক্ত সমাগম বেশি হয়েছে। ওড়াকান্দির ভলান্টিয়াররা এটি সামাল দিতে পারেনি। এ কারণে এই ঘটনা ঘটেছে।
বিএনপির কেন্দ্রীয় তফশিলী সেল নেতা কার্তিক ঠাকুর বলেন, অব্যবস্থাপনা এবং পর্যাপ্ত পুলিশ, এ্যাম্বুলেন্স, ডাক্তার ও খাবার পানির ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ গনেশ ঠাকুর এ ঘটনার জন্যে প্রশাসনকে দায়ী করে বলেন, চরম উদাসীনতার মধ্য দিয়ে এই মেলার আয়োজন করা হয়। এই কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে।
ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বীণা সিক্রি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে গোপালগঞ্জে অবস্থান করছিলেন। মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তিনি ওড়াকান্দিতে গিয়ে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দেশের দক্ষিনাঞ্চলে নিুবর্নের হিন্দুদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের অবস্থান বেশি শক্তিশালী। দক্ষিনাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের প্রায় অর্ধ শত মেলা বসে। ওড়াকান্দির মেলাটি মতুয়া সম্প্রদায়ের প্রধান মেলা হিসেবে পরিচিত।
