সুনামি আক্রান্তদের জন্য শ্রীলংকায় ‘সিঙ্গাপুর পল্লীনিবাস‘ স্থাপনের উদ্যোগ গ্রহণ
সুনামি দুর্গতদের সাহায্য করার উদ্দেশ্যে সিঙ্গাপুরস্থ সিংহলি সমিতি শ্রীলংকার দক্ষিণে এক মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি ‘সিঙ্গাপুরী পল্লীনিবাস‘ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
সুনামিতে ঘরহারা পরিবারগুলোর জন্য ৭৫ টি বাড়ি তৈরির পরিকল্পনা এ প্রকল্পের আওতায় রয়েছে। এ প্রকল্পের আওতায় একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি কারিগরি প্রতিষ্ঠান এবং একটি পাঠাগার তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানা যায়।
এ পল্লীতে স্যানিটারি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, পানি সংরক্ষণাগার, বিদ্যুৎ এবং রাস্তাঘাট নির্মাণসহ আরও যে ধরনের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে।
এ প্রকল্পের আওতায় ওই এলাকায় জরুরি সতর্কতা নির্দেশক ব্যবস্থা গড়ে তোলা হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ এ সকল প্রক্রিয়ায় স্থানীয় অধিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হবে।
পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি সুনামিতে নিহত হয়েছে, অসহায় পঙ্গু ব্যক্তি কিংবা যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এবং যেসব পরিবারে মহিলাই প্রধান উপার্জনক্ষম ব্যক্তি, সেসব পরিবারকে প্রকল্পের আওতায় গৃহ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
মে মাসের প্রথম সপ্তাহে প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি ওই প্রকল্প তৈরির লক্ষ্যে সিংহভাগ টাকা অনুদান দিয়েছে।
‘সিঙ্গাপুর পল্লীনিবাস’ প্রকল্প বাস্তবায়নের জন্য এ পর্যন্ত ৫৫ হাজার মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে।
