রাষ্ট্রীয় মর্যাদায় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নানের নামাজে জানাজা মঙ্গলবার সকালে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় প্যারাডাইস পাড়া দরবার শরীফের পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ তাঁর মৃত্যুতে তিনদিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার রাত এগারটার দিকে মরহুমের মরদেহ টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়ায় নিজ বাসভবনে পৌঁছানোর পর শোকার্ত মানুষের ঢল নামে। মঙ্গলবার সকাল ১০টায় মরদেহ প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং পরে স্থানীয় শহীদ মিনারে নেওয়া হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা আচ্ছাদিত কফিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জেলা শাখার সভাপতি শামসুর রহমান খান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুকসহ অসংখ্য নেতাকর্মী তাঁকে শেষ শ্রদ্ধা জানান। জানাযার আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন,স্বাধীন বাংলাদেশের জন্ম ও মাতৃভূমি রক্ষায় তাঁর অবদান দেশবাসী চিরদিন স্মরণ করবে।
এর আগে বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ এবং শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু মরহুমের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।
