২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর বেহাল দশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর এখন বেহাল দশা। কর্তৃপক্ষের উদাসীনতায় বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আজ এ অবস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ঢাকা বিশ্ববিদ্যালযের প্রায় সবগুলো রাস্তার অবস্থা খুবই করুণ। বিশ্ববিদ্যালযের প্রধান সড়কগুলো ছাড়াও মল চত্ত্বর ,কার্জন হল, কলা ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিভিন্ন আবাসিক  হলের সামনের রাস্তাগুলোর বেশিরভাগ জায়গায় বড় বড় খাদ রয়েছে। কলা ভবনের সামনে এবং পেছনে রাস্তাসহ সূর্যসেন হল ,জিয়া হল,মুজিব হল ,মহসিন হল,এবং শহীদুল্লাহ হলের সামনের রাস্তাগুলোর  বেশিরভাগই ভাঙ্গা। রিকশা নিয়ে এসব রাস্তায় চলাচল খুবই কষ্টকর। বর্ষা বা অতিবৃষ্টিতে প্রায়ই রাস্তাগুলো ডুবে যায়।

২০০৪-০৫ অর্থবছরে বিশ্ববিদ্যালযের বিভিন্ন  ভবন এবং রাস্তা সংস্কারে প্রায় ১ কোটি ৮০ লাখ  বাজেট থাকলেও রাস্তাগুলো সংস্কারে কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে যানবাহন চলাচল নিয়ন্ত্রনে প্রশাসনের তেমন কোন উদ্যোগ না থাকায় ভারী যানবাহনগুলো অবাধে ক্যাম্পাসে প্রবেশ করছে এবং রাস্তাগুলোর অবস্থা আরো করুণ হয়ে পড়ছে।

আবু তালহা সরকার নামে ঢাবি ইংরেজী বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষার সময় রাস্তাগুলোর অবস্থা এতোটাই খারাপ হয় যে চলাফেরা করাটই কঠিন হয়ে দাঁড়ায়। সে সময় রিকশাওয়ালারা পর্যন্ত ক্যাম্পাসে আসতে চায় না। তার অভিযোগ তিন বছর ধরে সে বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর এমন বেহাল দশা দেখছে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলি মোঃ আমির হোসেন বিডিনিউজকে জানান, রাস্তাগুলো সংস্কারের একটি প্রস্তাব সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে। বর্ষা আসার আগেই রাস্তাগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।