২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকেট এয়ার ব্যাংকক লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিচ্ছে

থাইল্যান্ডের ফুকেট এয়ার ব্যাংকক লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই রুটে ফুকেট এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালিয়ে আসছিল গত বছর গ্রীষ্মকাল থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এভিয়েশন সূত্র জানায়, অব্যাহত লোকসানের ফলে ফুকেট এয়ার ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এর বাইরে অন্য একটি কারণ চিহিৃত করেছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। আর সেটি হচ্ছে, ভাড়া করা যে বোয়িং ৭৪৭ ৩০০ এয়ারক্র্যাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হতো, এগুলোতে লাগাতার কারিগরি ক্রটি এবং এর ফলে যাত্রীদের মধ্যে সৃষ্ট ব্যাপক অসন্তোষ।

জানা যায়, ব্যাংকক চট্টগ্রাম রুটেও সম্প্রতি ফুকেট এয়ার পরিচালিত ফ্লাইটগুলোতে যাত্রীরা হয়রানির মধ্যে পড়েন। এয়ারক্রাফটে যান্ত্রীক গোলযোগের জন্য আকস্মিকভাবে ব্যাংকক চট্টগ্রাম দুবাই রুটে ফ্লাইট পরিত্যাক্ত/বাতিল করা হয়। ভাড়া অনেক কম বলে এই রুটে চট্টগ্রামের অনেক যাত্রী যাতায়াত করেন। লন্ডন রুটে যাত্রীরা ভ্রমণে এয়ারক্রাফটের সেফটি স্ট্যান্ডার্ডের বিষয়টি গুরুত্ব দিলেও বাংলাদেশী যাত্রীরা এ ব্যাপারে নির্বিকার।

এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন, লন্ডনের মত স্পর্শকাতর রুটে ফুকেট এয়ার একই সঙ্গে লোকসান বন্ধ ও বদনামের ঝুঁকি এড়াতে চায়। এ জন্যই তারা ব্যাংকক লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।