২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী আগামীকাল মৌলভীবাজার থেকে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন

মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার দুপুর থেকে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুপুর দু টায় মৌলভীবাজার ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

উৎপাদন বন্টন চুক্তির (পিএসসি) আওতায় মার্কিন কোম্পানি ইউনোকল মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র আবিষ্কার এবং উন্নয়ন করেছে। প্রাথমিকভাবে ব্লকের ২ ও ৩ নং ক’প থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘণফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ শুরু করা হয় গত ২১ মার্চ। এই প্রকল্পে ইউনোকল বিনিয়োগ করেছে ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।

প্রাথমিকভাবে দুটি ক’প থেকে ৭০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ শুরু করা হলেও চলতি বছরের মে মাস নাগাদ মৌলভীবাজার ফিল্ডের চারটি ক’প থেকে একশ ৪০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে আবিষ্কার করা এই গ্যাস ফিল্ডের মোট মজুদের পরিমাণ চারশ বিলিয়ন ঘণফুট (বিসিএফ)।

পিএসসি’র আওতায় উৎপাদনে যাওয়া এটি ইউনোকলের দ্বিতীয় গ্যাস ক্ষেত্র। এর আগে ইউনোকল জালালাবাদ গ্যাস ফিল্ড থেকে উৎপাদন শুরু করে। সেখান থেকে বর্তমানে দু শ ১০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। জালালাবাদে মোট মজুদের পরিমাণ আটশ ৪৮ বিসিএফ।

অবশ্য ১৪ নং ব্লকে ইউনোকলের আবিষ্কার করা দেশের বৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা থেকে গ্যাস সরবরাহের জন্যে সরকারের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।  এই ক্ষেত্রে মোট মজুদের পরিমাণ দুই দশমিক দুই ট্রিলিয়ন ঘণফুট (টিসিএফ)।  ইউনোকল ইতোমধ্যে এই ক্ষেত্রে উন্নয়ন কাজ শুরু করেছে। ২০০৬ সালের ডিসেম্বর নাগাদ বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে দু শ এমএমসিএফডি গ্যাস সরবরাহ পাওয়া যাবে। ২০০৮ সালে এই পরিমাণ বেড়ে দাঁড়াবে পাঁচশ এমএমসিএফডি।

পিএসসি অনুসারে মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের গ্যাসে পেট্রোবাংলার শেয়ার ৭০ থেকে ৭৫ শতাংশ এবং ঠিকাদার অর্থাৎ ইউনোকলের শেয়ার ৩০ থেকে ২৫ শতাংশ। চুক্তি অনুসারে মৌলভীবাজার থেকে কেনা প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম দুই দশমিক৭৫ মার্কিন ডলার বা একশ ৬৫ টাকা। বর্তমান মূল্য অনুসারে সম পরিমাণ গ্যাসের পেট্রোবাংলার গড় বিক্রয়  মূল্য একশ টাকার কম।

১৯৯৫ সালের ১২ জানুয়ারি ইউনোকল ১৩ ও ১৪ নং ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্যে পেট্রোবাংলার সাথে পিএসসি স্বাক্ষর করে। ইউনোকল ১৩ নং ব্লকের মাগুরছড়া নামক স্থানে মৌলভীবাজার-১ ক’প খনন কালে একটি ব্লো-আউটের ঘটনা ঘটে। ১৯৯৭ সালের ১৫ জুন এই দুর্ঘটনা ঘটে। পরে ইউনোকল পুড়ে যাওয়া গ্যাস ছাড়া বন, রেল, সড়কসহ অন্যান্য খাতের ক্ষতিপূরণ বাবদ ৩৮ কোটি আট লাখ ৩৯ হাজার  নয়শ ৬৫ টাকা প্রদান করেছে।

কিন্তু পুড়ে যাওয়া গ্যাসের দাম বাবদ পেট্রোবাংলা ইউনোকলের কাছে তিন হাজার নয়শ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। বিষয়টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে। যদিও ইউনোকল দাবি করেছে ব্লো আউটের পর স্বাক্ষর করা সাপ্লিমেন্টরী চুক্তির মাধ্যমে এই ক্ষতিপুরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু সরকার বলছে এটা সঠিক নয়।  তারা ক্ষতিপুরণ আদায়ে আন্তর্জাতিক আদালতে যাবে।

মৌলভীবাজার এবং সাঙ্গুর ৭ ও ৮ নং ক’প থেকে গ্যাস সরবরাহ শুরুর কারণে বর্তমানে দেশের মোট গ্যাস সরবরাহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার পাঁচশ পাঁচ  এমএমসিএফডিতে। এর মধ্যে চারশ ৮০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ আসছে আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) পরিচালিত গ্যাস ক্ষেত্র থেকে। এর গড় ক্রয় মূল্য প্রতি হাজার ঘণফুট দুই দশমিক ৮৩ মার্কিন ডলার বা একশ উনসত্তর দশমিক আশি টাকা। এর মধ্যে ইউনোকলের জালালাবাদ থেকে আসছে দু শ ১০ এমএমসিএফডি, কেয়ার্নের সাঙ্গু থেকে আসছে একশ ৭০ এমএমসিএফডি, ইউনোকলের মৌলভীবাজার থেকে আসছে ৭০ এমএমসিএফডি এবং নাইকো-বাপেক্স এর ফেনী থেকে আসছে ৩০ এমএমসিএফডি।

সাঙ্গু থেকে সরবরাহ নেয়া প্রতি হাজার ঘনফুট গ্যাসের গড় ক্রয় মূল্য দুই দশমিক ৯১ ডলার বা একশ চুয়াত্তর দশমিক ৬০ টাকা। তবে নাইকোর গ্যাসের দাম এখনও নির্ধারণ করা হয়নি।

মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের উৎপাদন শুরু নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, আমি খুশি। অনেক বাধা কাটিয়ে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারা এবং এর সফল বাস্তবায়নের কারণেই আজ আমরা চাহিদার চেয়ে বেশি গ্যাস সরবরাহ করতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি, আগামীতে চাহিদা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। নতুন করে আর কোনও গ্যাস সংকট দেখা দেবে না।