২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া জোত পারমিটের মাধ্যমে পার্বত্য অঞ্চল থেকে প্রতিদিন শতাধিক ট্রাক কাঠ পাচার হচ্ছে

ভুয়া জোত পারমিটের মাধ্যমে পার্বত্য জেলাগুলো থেকে প্রতিদিন সড়ক পথে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকশ ট্রাক কাঠ পাচার হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 02:28 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এ ধরণের ভুয়া জোত পারমিটের মাধ্যমে কাঠ আনা-নেওয়া বন্ধের ব্যাপারে বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর কঠোর নিদের্শ থাকা সত্বেও তা মানা হচ্ছে না।

স্থানীয় সূত্র জানায়, খোদ বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজসেই এ কাঠ পাচার হয়ে আসছে।

ভুয়া পারমিটে কাঠ পাচারের ব্যাপারে প্রধান বন সংরক্ষক এম আনোয়ারুল ইসলাম বিডিনিউজকে জানান, এভাবে যাতে কাঠ পাচার না হয়, সে ব্যাপারে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া আছে।

বিভিন্ন জায়গায় কাঠের গাড়ি থেকে বন কর্মকর্তাদের টাকা ওঠানোর ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এটি অনেকদিনের ব্যাপার। এব্যপারে বন বিভাগ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, পার্বত্য এলাকার স্থানীয় বন বিভাগ অফিস থেকে  কাঠ পাচারের কাজে ব্যবহারযোগ্য জোতপারমিটের কাগজপত্র নগদ টাকায় কিনতে পাওয়া যায়।

কাঠ পাচারকারীরা পার্বত্য এলাকার বিভিন্ন বাগান মালিকের নামে ইস্যুকৃত মেয়াদ শেষ  হয়ে যাওয়া বা যে সব জোত পারমিটে কাঠ বরাদ্দ শেষ হয়ে গেছে, এ সব পারমিট কিনে নেয়।  পাবর্ত্য এলাকার স্থানীয় বন অফিস থেকে টাকার বিনিময়ে ওই সব পারমিটের মাধ্যমে কাঠ সংগ্রহ ও পার্বত্য এলাকার বাইরে নেওয়ার অনুমতি দেওয়া হয়।

সূত্র জানায়, ক্রেতারা এসব জোতপারমিট ব্যবহার করে সংশ্লিষ্ট বাগান থেকে কাঠ নিতে না পেরে বাইরে থেকে ক্রয় করে।

টাকার বিনিময়ে বনবিভাগের কর্মকর্তারা এসব জোত পারমিটে ইস্যুকৃত লগ নম্বর বাইরে থেকে কেনা কাঠের লগ নম্বরের সাথে না মিলিয়েই কাঠ বোঝাই গাড়ি পার্বত্য এলাকার বাইরে যাওয়ার অনুমতি দেয়।

গাড়ি ছাড়ার পর বন বিভাগের বিভিন্ন চেকপোস্টগুলোতে কেবল পারমিট দেখেই টাকার বিনিময়ে গাড়ির চালানপত্রে লিখে দেওয়া হয়, পারমিটের লগ নম্বরের সাথে গাড়ির কাঠের লগ নাম্বরের মিল আছে এবং গাড়িতে কাঠের মাপও সঠিক।

কাঠ ব্যবসায়ী ছালাউদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, ভুয়া জোত পারমিটের মাধ্যমে কাঠ বোঝাই ট্রাক ঢাকায় আনতে ট্রাক প্রতি প্রায় এক লাখ টাকা ব্যয় করতে হয়। এ টাকা পুলিশ ও বন বিভাগের নয়টি চেকপোস্টে  দিতে হয়। কোন চেকপোস্টে ট্রাক প্রতি কত টাকা দিতে হবে, বন বিভাগ থেকেই তা নির্ধারণ করা আছে । নির্ধারিত এ টাকা দেওয়া হলে ট্রাাক আনতে পথে তেমন কোনও সমস্যা হয় না ।

তিনি আরও জানান, চোরাই পথে কাঠ পাচারের ফলে রিজার্ভ ফরেস্ট উজাড় হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে  আগামি দু বছর পর পার্বত্য এলাকায় কোনও ব্যবহার উপযোগী কাঠ পাওয়া যাবেনা। অবৈধ ভাবে কাঠ পাচারের ফলে সরকার প্রতি বছর কয়েকশ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।  

চট্টগ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুল আজীজের দেয়া তথ্য অনুযায়ী,  রাঙ্গামাটির বড়ইছড়ি, ঘাঘড়া ও ধুমঘাট; চট্টগ্রামের মাদাম বিবির হাট, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফেনীর সমিতির বাজার, কুমিল্লার সুয়াগাজী, নারায়নগঞ্জের সোনারগাঁও’র মেঘনাঘাট পয়েন্টে বনবিভাগের চেকপোস্টে কর্মকর্তাদের নির্ধারিত টাকা দিয়ে টোকেন নিতে হয়।

এছাড়া রাঙ্গামাটি সদর থানা, চট্টগ্রাম সার্কেল এসপি অফিস, কুমিল্লার চৌদ্দগ্রাম, মুন্সিগঞ্জের সিরাজদিখান, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ডিএমপির ট্রাফিক চেকপোস্টেও টাকা দিয়ে ঢাকায় ট্রাক প্রবেশ করাতে হয়।