বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান না করা পর্যন্ত ধূমপান নিয়ন্ত্রণ আইন স্থগিতের দাবি
বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান ও বেকার ভাতা প্রদানের ব্যবস্থা না করা পর্যন্ত ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন স্থগিতের দাবি জানিয়েছে বিড়ি সিগারেট মালিক শ্রমিক ও তাকামচাষী জাতীয় সমন্বয় কমিটি।
বুধবার পল্টন ময়দানে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবিতে আয়োজিত এক মহাসমাবেশে এ দাবি জানানো হয়।
তাদের মতে, এ আইন কার্যকর থাকলে দেশের প্রায় ৫০ লক্ষ বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়বে।
জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক করিমউদ্দিন ভরসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বিজয় কৃষ্ণ দে, বিড়ি শিল্প মালিক সমিতির সহ সভাপতি ইদ্রিস মিয়া, কেন্দ্রীয় শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের পক্ষে জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবদুল কাদের হাওলাদারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিড়ি মালিক, শ্রমিক, তামাক চাষী ও ব্যবসায়ীরা। ঘোষণাপত্র পাঠ করেন কমিটির যুগ্ন আহ্বায়ক লোকমান হাকিম।
সমাবেশে বিজয় কৃষ্ণ দে বলেন, সরকার তামাক চাষীদের তামাক চাষে নিরুৎসাহিত করে সহজ শর্তে ঋণ প্রদান এবং বিকল্প চাষে সহায়তা করছে। কিন্তু শ্রমিকদের কথা তারা চিন্তাই করেনি। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে ধূমপান নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করতে তিনি আহ্বান জানান।
সভাপতির ভাষণে করিমউদ্দিন ভরসা বলেন, ধূমপান নিয়ন্ত্রণ আইন চালুর পর তামাক শিল্পে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক বিড়ি শিল্প বন্ধ হয়ে পড়েছে। বেকার হয়েছে হাজার হাজার শ্রমিক। তিনি আরও বলেন, বিড়ি শিল্পের সঙ্গে ৫০ লাখ শ্রমিক জড়িত। এ শ্রমিকদের ওপর নির্ভর করে প্রায় আড়াই কোটি মানুষ। ধূমপান নিয়ন্ত্রণ আইন চালু থাকলে এ সকল মানুষ না খেয়ে মরবে।
সমাবেশে ঘোষণা করা হয়, আগামী ৫ থেকে ২০ মে পর্যন্ত দেশের বিড়ি সিগারেট ও তামাক শিল্পাঞ্চলে মিছিল-সভা-সমাবেশ, ২১ থেকে ৩০ মে পর্যন্ত রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হবে। ৩০ মে জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে এবং সভা শেষে সাংবাদিক সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
