দুর্নীতি দমন কমিশনের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত, জনবল থাকছে ১৩৬৯ জন
গত বছরের ২১ নভেম্বর গঠিত দুর্নীতি দমন কমিশনের সাংগঠনিক কাঠামো বুধবার চূড়ান্ত হয়েছে। নতুন এই কাঠমোতে জনবল নির্ধারণ করা হয়েছে ১৩৬৯ জন।
নগরীর আগারগাঁওয়ে বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে কমিশনের সদস্যরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন।
বৈঠকে কমিশন সদস্যরা সদ্য বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সদস্যদের কমিশনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একটি নীতিরও অনুমোদন দেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিশন দু একদিনের মধ্যে সাংগঠনিক কাঠামো মন্ত্রী পরিষদ বিভাগে প্রেরণ করবে।
কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা বিগত দু মাস ধরে গঠনতন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু এ ব্যাপারে আমরা কিছুতেই মতৈক্যে পৌঁছুতে পারছিলাম না।
তিনি আরও বলেন, এখন আমি মনে করি সকল মত পার্থক্য দূর হয়েছে। আমরা এখন পরবর্তী কার্যক্রম শুরু করতে পারি।
এসিসি চেয়ারম্যান বুধবারের বৈঠককে কমিশন গঠনের পর থেকে এ যাবতকালের সবচে যুগান্তকারী বৈঠক বলে অভিহিত করেন।
এদিকে গঠনতন্ত্রের তিনটি পৃথক খসড়া তিনজন প্রণয়ন করেছেন। তাদের মধ্যে এসিসির কমিশনার প্রফেসর এম মনিরুজ্জামান ৯৪৬ জন, আরেকজন কমিশনার মনিরুদ্দিন আহমেদ ১৪০০ জনের জনবল প্রস্তাব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুজ্জামান তার খসড়া রিপোর্টে ৮৬৭ জনের জনবল প্রস্তাব করেন।
এসিসি চেয়ারম্যান আরও বলেন, যে সকল খসড়া পেয়েছি সেগুলোর ভিত্তিতেই আমরা এই গঠনতন্ত্রটি প্রণয়ণ করেছি। দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের তাদের এসিআর, ব্যক্তিগত ফাইল এবং চাকুরির রেকর্ডের ভিত্তিতে কমিশনে অন্তর্ভুক্ত করা হবে।
সম্প্রতি বেগম খালেদা জিয়ার কাছে চিঠি লেখা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে কমিশন যে সকল বাধার সম্মুখীন ছিল এবং গত কয়েকমাস ধরে কেন কমিশন অকার্যকর ছিল, সে সব ব্যাপারে আমি তাকে অবহিত করতে চেয়েছি।
প্রস্তাবিত নতুন গঠনতন্ত্রে কমিশনে একজন চেয়ারম্যান এবং দু জন কমিশনারের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন নির্বাহি পরিচালক ও ছয়জন পরিচালক রাখার ব্যাপারে প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত ওই গঠনতন্ত্রে ১৪জন যুগ্ম পরিচালক, ২১ জন পাবলিক প্রসিকিউটর (পিপি), ১০ জন সিনিয়র পিপি, ৩৯ জন উপ-পরিচালক, ১১ জন সহকারি পরিচালক, ১৮৩ জন দ্বিতীয় শ্রেণীর কর্মচারি এবং ৯৪৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি রাখা হয়েছে।
ছয়টি বিভাগীয় অফিসে একজন করে য্গ্মু পরিচালককে এবং ১৯টি আঞ্চলিক অফিসে উপ-পরিচালককে প্রধান করা হবে। কমিশনের জেলা কার্যালয়গুলোর প্রধান থাকবেন সহকারি পরিচালকগণ।
গত বছরের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত ও কমিশনের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে কমিশন ইতোমধ্যেই বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছে।
