ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব নয়: ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ
দেশের শ্রমিক আন্দোলন এমন একটা সময় অতিক্রম করছে যখন ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনও পথেই শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব নয়। ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ বুধবার রাজধানীতে সদ্য প্রয়াত শ্রমিক নেতা নাসিম আলী স্মরণে আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিল্স-এর উদ্যোগে ওয়াপদা মিলনায়তনে অনুষ্ঠিত এ শোকসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা জাতীয় সংসদের হুইপ ও বিল্স-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ হেসেন এমপি।
সাহসী মুক্তিযোদ্ধা ও কমরেড নাসিম আলীর দীর্ঘ বৈচিত্র্যময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল বাশার, সফিকুর রহমান মজুমদার, নূরুল ইসলাম, শাহ মোহাম্মদ আবু জাফর, মেসবাহ উদ্দিন আহমেদ, আব্দুল মুকিত খান, মজিবুর রহমান ভূঞা, বেলায়েত হোসেন, মোকাদ্দেম হোসেন, লষ্কর হাফিজ প্রমুখ।
বক্তারা বলেন, নাসিম আলী ছিলেন একজন কিংবদন্তীতুল্য শ্রমিক নেতা।
দেশের সকল প্রখ্যাত শ্রমিক নেতাই শোকসভায় অকপটে স্বীকার করেন, শ্রমিক আন্দোলনে নাসিম আলী তাদের শিক্ষকের সমান ভূমিকা রেখেছেন। তারা বলেন, তিনি ছিলেন শ্রমিক আন্দোলনের সিপাহশালারদের একজন।
নাসিম আলীর মৃত্যুতে বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিশিষ্ট শ্রমিক নেতা ও বিল্স’র প্রতিষ্ঠাতা মহাসচিব নজরুল ইসলাম খান প্রেরিত একটি শোকবার্তা শোকসভায় পড়ে শোনানো হয়। বার্তায় তিনি বলেন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের এই দুঃসময়ে তার মতো সৎ, নিষ্ঠাবান, বিজ্ঞ, নীতির প্রশ্নে আপোসহীন এবং আজীবন সংগ্রামী নেতার মৃত্যু দেশের, বিশেষ করে শ্রমিক আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি।
নজরুল ইসলাম খান বলেন, সাইকেল চালিয়ে কিংবা পায়ে হেঁটে অনাহারে, অর্ধাহারে তাকে বছরের পর বছর শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে দেখে আমার মতো অনেকেই তাঁর প্রতি শ্রদ্ধাবনত হয়েছেন।
শোকসভায় বক্তারা আরও বলেন, নাসিম আলী শ্রমিক আন্দোলনকে যা দিয়েছেন তা তার সামর্থের চেয়ে বেশী কিন্তু যা পেয়েছেন তা তার প্রাপ্যের চেয়ে অনেক কম।
বক্তারা নাসিম আলীর স্বপ্ন বাস্তবায়নে এক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন এবং তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
বক্তারা বলেন, নাসিম আলী ছিলেন একটি চলমান প্রতিষ্ঠান, শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের বিশ্বস্ত বন্ধু।
শোকসভায় মরহুম নাসিম আলীর ছোটবোন, দুই মেয়ে, মেয়ে জামাইসহ অন্যান্য পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
