অপহরণ মামলায় এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড
শেরপুরে নব বিবাহিতা এক যুবতীকে অপহরণের অভিযোগে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রুবেল (২৬) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। সেই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আদালত আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।
এই মামলার অপর ছয় আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৫ ডিসেম্বর রাতে সদর উপজেলার হালগড়া গ্রামের রফিকুল ইসলামের বিবাহিতা স্ত্রী শিল্পী বেগম (২০)কে একই গ্রামের আব্দুল মান্নানের পুত্র রুবেল অন্যান্য আসামীদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হলে পুলিশ সাতজনকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করে। বিচারক ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন।
