কয়লা অনুসন্ধানে টাটা গ্রুপ আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে
উত্তরাঞ্চলের ফুলবাড়ি এবং বড়পুকুরিয়া এলাকায় কয়লা অনুসন্ধানে ভারতের টাটা গ্রুপ আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। টাটার একজন কর্মকর্তা শনিবার জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন। আলোচনা ইতিবাচক হলে টাটা কয়লা অনুসন্ধানে লাইসেন্স চেয়ে আবেদন করবে।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, টাটা দেশের উত্তরাঞ্চলের বড়পুকুরিয়া এবং ফুলবাড়িতে কয়লা অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা এখনো আনুষ্ঠানিকভাবে লাইসেন্স চায়নি।
টাটার প্রস্তাব বিষয়ে বিশেষ করে বড়পুকুরিয়া এবং ফুলবাড়িতে নতুন করে কয়লা অনুসন্ধানে কাউকে লাইসেন্স দেয়া যায় কিনা সে বিষয়ে পেট্রোবাংলা এবং ব্যুরো অব মিনারাল ডেভলপমেন্ট (বিএমডি)’র মতামত নেয়ার জন্য জ্বালানি সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
বর্তমানে পেট্রোবাংলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ বড়পুকুরিয়ায় ১,০৫০ হেক্টর জমি দীর্ঘমেয়াদে লিজ নিয়ে কয়লা খনি উন্নয়নের কাজ করছে। আগামী জুলাই থেকে এই খনি পুরো মাত্রায় কয়লা উৎপাদন শুরু করবে।
ফুলবাড়ি এলাকায় এশিয়া এনার্জি (বাংলাদেশ ) প্রাইভেট লিমিটেড (এইসি) লাইসেন্স এবং লিজ নিয়ে কয়লা অনুসন্ধানের কাজ করছে। তারা এখানে ওপেন পিট কয়লা খনি উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তবে সরকার এখনো ওপেন পিট খয়লা খনি করার জন্যে এইসিকে অনুমতি দেয়নি।
টাটা তার প্রস্তাবে রড়পুকুরিয়ার উত্তরাংশে এবং ফুলবাড়িতে এইসি‘র এলাকার বাইরে কয়লা অনুসন্ধানের লাইসেন্স পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে ফুলবাড়ি এলাকায় আরো অনুসন্ধান লাইসেন্স পাওয়ার জন্য এইসি‘র আবেদন সরকারের অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে।
টাটাও অনুসন্ধানের পর ওপেন পিট কয়লা খনি উন্নয়নে আগ্রহী।
এদিকে বুধবার টাটা তাদের প্রাক-সম্ভাব্য জরিপ শেষে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব বিনিয়োগ বোর্ডের কাছে পেশ করেছে। এতে তারা চট্টগ্রামে ১ মিলিয়ন টন ক্ষমতার ইউরিয়া সার কারখানা, সিরাজগঞ্জে ১,০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র এবং ঈশ্বরদিতে ২ দশমিক ৪ মিলিয়ন টন ক্ষমতার স্টিল মিল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।
গত ১৩ এপ্রিল টাটা স্টিলস এর উপ ব্যবস্থাপনা পরিচালক ডঃ টি মুখার্জি জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করে বলেন, তারা কয়লাকে প্রাথমিক জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী। একই সাথে স্টিল মিলেও টাটা কয়লাকে প্রাথমিক জ্বালানি হিসাবে ব্যবহার করতে চায়।
এই ধারাবাহিকতায় জ্বালানি মন্ত্রণালয়ে টাটা কয়লা অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দিয়েছে।
