সারাদেশে কালবৈশাখীতে নিহত ৭ জন নিহত, আহত শতাধিক
সারাদেশে কালবৈশাখীতে বুধবার কমপক্ষে ৭ জন নিহত এবং নারী ও শিশুসহ শতাধিক আহত হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় শত শত ঘরবাড়ী, ফসল এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কাল বৈশাখীর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যপক ঝড় বৃষ্টি হয়।
নাটোর প্রতিনিধি জানান, বুধবার দুপুরে কালবৈশাখিতে নাটোরের ৫০ টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে চারজনের বাড়ি খোলাবাড়িয়া লক্ষীপুর গ্রামে এবং অপরজনের বাড়ি দিয়ার কাজীপুর গ্রামে বলে জানা গেছে।
তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি।
গ্রামবাসীরা জানায়, কালবৈশাখিতে জেলার প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি ধ্বসে গেছে। এছাড়াও ঝড়ে ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বিকাল ৫ টায় মানিকগঞ্জ সদর, দৌলতদিয়া, ঘিওর, পাটুরিয়া এবং নগরবাড়িসহ বিভিস্থানে আধঘন্টাব্যাপী কালবৈশাখির আঘাতে কমপক্ষে এক মহিলা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
নিহত মহিলার বয়স ৩৫ এবং তার বাড়ি দৌলতপুরের বিষ্ণুপুর গ্রামে । তবে তাৎক্ষনিকভাবে নিহত মহিলার নাম জানা যায় নি।
ঝড়ে পাঁচশতাধিক বাড়িঘর উড়ে গেছে। এ সময়ে নগরবাড়ি নোৗ-রুট প্রায় আধাঘন্টা বন্ধ ছিল।
পাবনা প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭ টার দিকে প্রবল ঘুর্ণিঝড়ে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার ১৫ টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।
এ সময়ে বজ্রপাতে ফরিদপুর উপজেলায় কছির উদ্দিন (৪৪) নামে একব্যক্তি নিহত হয় এবং শিশু ও মহিলাসহ কমপক্ষে আরও ৫০ জন আহত হয়েছে ।
আহতদের মধ্যে সাবুলি (৩৫), রমিচা (৬০), ওসমান গণি (৩৫), শুকজান (৫০), হাতেম (৪০), নাজমুল (১৩) এবং ঝরকে (৩২) চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, ১৫ মিনিট স্থায়ী ঝড়ে ওই সমস্ত গ্রামের তিনশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে প্রবল ঝড়ে ৩৩ হাজার কেভির অনেক বিদ্যুৎ লাইনের খুঁটি উপড়ে গেছে।
