২ এপ্রিল পাবনার ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২ এপ্রিল পাবনায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল উদ্বোধন করবেন। এই হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকা।
একশ শয্যার পাবনা জেনারেল হাসপাতালকে দুশ পঞ্চাশ শয্যায় উন্নীত করতে একই ক্যাম্পাসে অত্যাধুনিক আরও একটি নতুন তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে। এই হাসপাতালে আধুনিক চিকিৎসার প্রায় সকল সরঞ্জাম থাকবে। এটি চালু হওয়ার পর শুধু পাবনাই নয়, পার্শ্ববর্তী জেলাগুলোর বিপুল সংখ্যক মানুষ এখান থেকে চিকিৎসার সুযোগ পাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ ফিরোজ মিয়া বিডিনিউজকে বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিকেল তিনটায় সম্প্রসারিত ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতাল উদ্বোধন করবেন। এ উপলক্ষে সেখানে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
