ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ২৫ কোটি টাকা, নিহত ৬৫
সরকারিভাবে জেলার দু’উপজেলার ১৮ টি গ্রামে ২০ মার্চের ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ৬৫ এবং আহত হয়েছে ৫ শতাধিক লোক। অবশ্য বেসরকারিভাবে এ ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি টাকা ।
এলাকাবাসী জানায়, গাইবান্ধা শহর থেকে মাত্র ২০ কি.মি দূরে ২০ মার্চ সন্ধ্যায় মাত্র ২ মিনিট স্থায়ী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ১৮টি গ্রামের ২০ বর্গ কি.মি এলাকার সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। গাছপালা, ঘরবাড়ি, গৃহপালিত পশুপাখি এবং মানুষজনের মৃতদেহ মিলিয়ে মুহূর্তেই গ্রামগুলো এক ধ্বংস¯তূপে পরিণত হয়ে যায় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ও সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের মোট ১৮ টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে নিহত হয়েছে ৬৫ জন। মারাত্মকভাবে আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিক লোক। সরকারিভাবে ১৮ টি গ্রামের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। কিন্তু বেসরকারিভাবে নির্ধারিত ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ কোটি টাকা।
সরেজমিন ঘুরে জানা যায়, ঘটনার সপ্তাহখানেক পরেও ওই এলাকার প্রায় ১০ হাজার লোক এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সেনাবাহিনীর দেওয়া দু-একটি তাবুই তাদের একমাত্র আশ্রয় ব্যবস্থা। সবগুলো পরিবারের ভাগ্যে আবার তাবুও জোটেনি। স্বাস্থ্যবিভাগ, সেনাবাহিনী ও এনজিওগুলো যে চিকিৎসা সরবরাহ করছে তা অত্যন্ত অপর্যাপ্ত। কবলিত এলাকার প্রায় ৩ হাজার লোক ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎাসধীন রয়েছে। অনেকের কাটা ঘায়ে ইতিমধ্যে পচন দেখা দিয়েছে।
সূত্র আরও জানায়, ঝড়ে ২৩১ হেক্টর জমির ধান, আলু ও অন্যান্য রবিশষ্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ৪ হাজার হাঁসমুরগি ও গবাদিপশু মারা গেছে। ১২ হাজার গাছপালা ধ্বংস হয়ে গেছে। ২০ কি.মি বিদ্যুৎ লাইন বিনষ্ট হয়েছে। এছাড়াও ৪৮টি মসজিদ, ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৯টি হাটবাজার, ৭৭৯টি অগভীর নলকূপ, ৫০০ টি দোকানপাট ও ৩০টি ট্রানসফর্মার বিনষ্ট হয়েছে।
উল্লেখ্য, এ ঝড় সম্পর্কে কবলিত এলাকার বিভিন্ন স্থান ঘুরে শতাধিক বছর বয়সী কয়েকজন বৃদ্ধার সাথে আলাপ করে জানা যায়, তাদের সারা জীবনে তারা এ রকম ভয়াবহ ঘূর্ণিঝড় দেখেনি।
