যশোরের বাস মালিক ‘ভিক্ষুক আজিজ’ ভিক্ষাবৃত্তি ছেড়ে দেবেন
ভিক্ষাবৃত্তি করে বাস মালিক হওয়া যায়, শারীরিক প্রতিবন্ধী আজিজকে না দেখলে তা কারোর বিশ্বাস হওয়ার কথা নয়। আবার বাস থেকে উপার্জিত আয়ে পাঁচ বিঘা আবাদি জমির মালিকও হয়েছেন। কিন্তু এখন আর এ পেশায় থাকতে চান না তিনি।
আজিজের পৈত্রিক বাড়ি যশোরের নাভারণে। ২৫ বছরেরও বেশি সময় ধরে যশোর এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। তবে এ পেশা ছেড়ে দেবেন বলে জানালেন চল্লিশোর্ধ আজিজ। মায়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন - আগামী ঈদের পর আর ভিক্ষা করবেন না।
বছর পনেরো আগে যশোরে একটি যাত্রীবাহী বাসে রাতের বেলায় টাকা তুলতে দেখা যেত আজিজকে। হাতের ওপর ভর করে সরু দু’পায়ে লেংচাতে লেংচাতে বাসের কাছে যেতেন তিনি। কৌতুহলী লোকজন কণ্ডাক্টারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে সে বলত: যার গাড়ি, ভাড়া তো সেই নেবে!
আজিজ জানান, ভিক্ষার টাকা দিয়ে কেনা বাস থেকে উপার্জিত আয়ে তিনি পাঁচ বিঘা আবাদি জমিও কিনেছেন। গত বছর ১শ’ মণ ধান এবং দশ মণ মশুর ডাল বিক্রি করেছেন। ব্যাংকে তার আয়ের অর্থ জমা থাকে। তবে কত টাকা ব্যাংকে আছে তা জানাতে রাজি হননি তিনি।
